অভিমানী খুদে বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সন্ধ্যা থেকে টিউশিন করি। তারপর একটু ইতিউতি ঘুরি। বাসায় ফিরতে ফিরতে প্রায়ই রাত ১১টা বেজে যায়। মধ্যরাত ঘড়ির কাঁটায় এসে যখন খেই হারিয়ে থমকে দাঁড়ায়, তখনো চলে রাতের খাওয়া। এরপর অনলাইন হতেই মোবাইলের পর্দায় শব্দ করে ভেসে ওঠে অভিমানী খুদে বার্তা। এই তো প্রতিচ্ছায়ার মতো তোর উপস্থিতি! অভিমানের ক্ষুরধার আগুন কখনো কখনো ব্যস্ততার অজুহাতে ঠান্ডা হয়। কখনো বা সেসব অজুহাত মুখ থুবড়ে পড়ে থাকে তোর ইনবক্সে।
সংসারে তোর নিত্যদিনের রুটিনহীন কাজ। সবকিছুর পাঠ চুকিয়ে তবু মধ্যরাতে জানতে চাস—খেয়েছি কি না, পড়তে বসেছিলাম কি না। পেটের মধ্যে দানা বাঁধতে থাকা টিউমারটার অসহ্য ব্যথা সয়েও আমার খবর নেওয়ার অপেক্ষায় থাকিস। শহীদ কাদরী, সৈয়দ হক, ফিদেল কাস্ত্রোর স্মরণে আমার লেখা কবিতা ছাপার হরফে পত্রিকায় যতটা না দাগ কাটত, তার থেকে খানিকটা বেশি দাগ টানত তোর অভিমানী মনের দরজায়! ঝাঁজালো গলায় বলে উঠতি—বেঁচে থাকা অবস্থায় তো আমার জন্য কবিতা লিখবি না, মারা গেলে আমার জন্য একটা কিছু লিখিস! আমার অপারগতা, অপরাধবোধ দীর্ঘশ্বাস হয়ে বেরোয়।
ছেলেবেলা থেকে হামাগুড়ি দিতে দিতে যে বন্ধুত্ব মাঝ বয়সে এসে পৌঁছাল; জীবনের শেষ সময় অবধি টিকে থাকবে তো?
সবুজ মণ্ডল
জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।