‘মা তোমার ছেলে নাই এ নিয়ে দুঃখ কোরো না। আমরাই তোমার ছেলের অভাব পূরণ করব। লেখাপড়া শিখে ভালো চাকরি করে তোমাদের দায়িত্ব আমরাই কাঁধে নেব।’ মাকে প্রায়ই এমন সান্ত্বনা দিত তৃষ্ণা রানী। মেয়ের এসব কথা মনে করে মা বিথী রানী বারবার মুর্ছা যাচ্ছিলেন।বখাটেদের উৎপাত সহ্য করতে না পেরে ১৩ মার্চ মারা যায় তৃষ্ণা। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেওনাহার গ্রামে। স্বপন কুমার মণ্ডলের দুই মেয়ে। বড় মেয়ে সুস্মিতা রানী জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে ছাত্রী। আর ছোট মেয়ে তৃষ্ণা রানী লেখাপড়া করত সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে। লেখাপড়ায় তৃষ্ণা ছিল মেধাবী।বিথী রানী জানান, বখাটে সজল তিন-চার মাস আগে থেকে মোটরসাইকেলে এসে তৃষ্ণার ওড়না টেনে ধরত, তৃষ্ণার সাইকেল টেনে ধরে উত্ত্যক্ত করত। তৃষ্ণা সজলের কথা সুস্মিতাকে প্রথম বলে। বড় বোন বলে বাবা-মাকে। বখাটে সজলের ভয়ে কিছুদিন থেকে দুই-তিন কিলোমিটার পথ ঘুরে সাইকেলে চড়ে তৃষ্ণা স্কুলে যেত। তবু শেষ রক্ষা হয়নি।নওগাঁ জেলার ধামইরহাট থানার চন্দ্রকোলা গ্রামের আকাশ চন্দ্র হাওলাদারের ছেলে সজল। ১২ মার্চ সে একই গ্রামের এরশাদ ও গোলজারকে নিয়ে তৃষ্ণাকে অপহরণ করার চেষ্টা চালায়। প্রতিবেশীরা এগিয়ে এলে তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এই অপমান সইতে না পেরে অভিমানে তৃষ্ণা রানী ১২ মার্চ সন্ধ্যায় কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে সঙ্গে সঙ্গে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তৃষ্ণা ১৩ মার্চ ভোরে মারা যায়। এ ঘটনায় তৃষ্ণার বাবা স্বপন কুমার মণ্ডল বখাটে সজল, এরশাদ ও গোলজারকে আসামি করে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আসামিরা এখনো কেউ গ্রেপ্তার হয়নি।১৬ মার্চ তৃষ্ণা রানীর বাড়িতে গিয়ে দেখা যায় শোকের ছায়া। প্রতিবেশীরা তৃষ্ণার মা-বাবাকে সান্ত্বনা দিচ্ছেন। প্রতিবেশী আব্দুর রাজ্জাক জানালেন, তৃষ্ণা লেখাপড়ায় যেমন ভালো ছিল, তেমনি ভীষণ মিশুক ছিল। বখাটেদের জন্য মেয়েটিকে হারিয়ে তাঁরাও খুব মর্মাহত। স্বপন মণ্ডলের সব স্বপ্ন ছিল দুই মেয়েকে ঘিরে। শত কষ্টেও মেয়েদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটতে দেননি। দরিদ্র বাবা মেয়েদের স্কুলে যাওয়ার জন্য সাইকেল কিনে দিয়েছেন। তৃষ্ণা বড় বোন সুস্মিতাকে স্কুলে নামিয়ে তারপর নিজে স্কুলে যেত। ফেরার পথে বোনকে নিয়ে তবেই বাড়ি ফিরত। এসবই এখন স্মৃতি। ছোট বোনই ছিল সুস্মিতার বন্ধু। বন্ধু-বোনকে হারিয়ে সুস্মিতা যেন বাকরুদ্ধ।তৃষ্ণা শুধু লেখাপড়ায় ভালো ছিল না, নাচেও ছিল স্কুলের সেরা। স্কুলের জাতীয় সংগীত পরিবেশনে দলগত নেতৃত্ব দিত সে। তাই তো সহপাঠীরা ওর এই মৃত্যু মেনে নিতে পারছে না। সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা বলেন, ‘আমরা ওই বখাটেদের বিচার চাই। মেয়েটি খুব মেধাবী ছিল। কোনো দিন স্কুল ফাঁকি দিত না।’মেয়েটি উত্ত্যক্তের শিকার হচ্ছে, বিষয়টি তার পরিবার ও স্কুলের শিক্ষকেরা জানতেন। তবুও কেন তাকে রক্ষা করা গেল না? কেন এ রকম ঘটছে—এ বিষয়ে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সালমা আলী বলেন, মেয়েরা প্রতিবাদ করে এখন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান যথাযথভাবে তাকে সমর্থন দেয় না। অনেক সময় তারা ভাবেন, হয়তো মেয়েটির কোনো দোষ থাকতে পারে। তৃষ্ণার পরিবার যদি স্কুলে জানিয়ে থাকে, তখন স্কুল কর্তৃপক্ষের উচিত ছিল ছেলেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। মেয়েটি যেন নিরাপদে স্কুলে আসতে পারে সেটি নিশ্চিত করা। তাকে মানসিকভাবে সমর্থন দেওয়া। তাহলে হয়তো মেয়েটি এভাবে চলে যেত না।