
ইকো কার বা পরিবেশবান্ধব গাড়ি বানানোর মূল লক্ষ্য হচ্ছে জ্বালানি সাশ্রয় করে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো। জ্বালানিসাশ্রয়ী গাড়ির নকশা করে বিশ্বের মর্যাদাপূর্ণ এক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর দ্ল ‘অভিযাত্রিক’। তঁারা শেল ইকো-ম্যারাথন ২০১৫-এ এশিয়া মহাদেশীয় পর্বে অংশ নিচ্ছেন।
অভিযাত্রিকের ছয় সদস্য হলেন কে এম হাসান ইমাম, মিনহাজুল আবেদীন, তৌহিদুর রহমান, আসিফ হক, তমাল পাল ও আবদুল্লাহ মুমিন চৌধুরী। সবাই আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দলটির উপদেষ্টা হিসেবে আছেন বিভাগীয় শিক্ষক দেওয়ান হাসান আহমেদ আর মডারেটর বিভাগের আরেক শিক্ষক জুবায়ের হোসাইন।
জীবাশ্ম জ্বালানির আন্তর্জাতিক উৎপাদক প্রতিষ্ঠান শেলের আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ফিলিপাইনের ম্যানিলায়।
অভিযাত্রিক দল তাদের বানানো গাড়ির নাম দিয়েছে ‘বিডি-৭১’। অটোমোবাইল বিশ্বে বাংলাদেশের নাম ও গৌরবময় মুক্তিযুদ্ধকে তুলে ধরতেই এই নাম রাখা হয়েছে বলে জানান তাঁরা।
গাড়িটি কতটা জ্বালানিসাশ্রয়ী হবে, এমন প্রশ্নে তমাল পাল বলেন, ‘আমরা জ্বালানি উৎস হিসেবে বিবেচনা করেছি পেট্রল। আমাদের এই গাড়ি এক লিটার তেল দিয়ে প্রায় ১০০ কিলোমিটার চলবে, যা প্রচলিত যানের চেয়ে অনেক সাশ্রয়ী হবে।’
আর প্রকল্পের বাণিজ্যিক দিক সম্পর্কে দলের আরেক সদস্য আসিফ হক বলেন, ‘আমরা গাড়িটির নকশা করার ক্ষেত্রে হাতের কাছে পাওয়া যায় এমন যন্ত্রপাতির বিষয়টি চিন্তা করেছি। এতে করে গাড়িটি স্বল্পমূল্যে বানানো যাবে। বাণিজ্যিকভাবে তৈরি করা হলে দুই থেকে তিন লাখ টাকায় গাড়িটি বাজারজাতকরণ সম্ভব।’
প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রসঙ্গে দলের আরেক সদস্য কে এম হাসান ইমাম জানান, এখন চলছে ‘বিডি-৭১’ নকশা বাস্তবায়নের কাজ। কারণ, প্রতিযোগিতায় অংশ নিতে তাঁদের মূল গাড়িটিই উপস্থাপন করতে হবে।