অভিযান
আধুনিক যুগে বানরকে দেখতে পাওয়া যায় চিড়িয়াখানায় বন্দী অবস্থায়। কিন্তু সব দেশে সব কালে মানবরূপী বানরের অভাব দেখা যায় না। আমাদের গ্রামে এ রকম একটি ১০-১২ জনের মানবরূপী বানর দল আছে। একদিন জানতে পারলাম, এই দলের একজন গর্বিত সদস্য আমি নিজেও। আমি একজন সহজ-সরল ছেলে কীভাবে এদের দলভুক্ত হই, একবার ভাবুন তো! যা হোক, আমার অতীত অভিজ্ঞতাই নাকি এখানে ঠাঁই পেতে সাহায্য করেছে।বাড়ি থেকে এক গ্রাম দূরে বেপারির বাড়িতে অভিযানের দাওয়াত পেলাম। পূর্ববর্তী অভ্যাস এবং পরবর্তী প্রজন্মকে শেখানোর ইচ্ছা থেকে দাওয়াত গ্রহণ করলাম। ঘুটঘুটে অন্ধকারময় বেপারির বাগান, যেখানে ভূতও যেতে ভয় পায়। তার ওপর চলছে ‘লোডশেডিং’, নিজের হাত পর্যন্ত দেখা যায় না। ভূতে ভয় পেলেও আমাদের তো যেতেই হবে। সিনিয়র হওয়ার কারণে লিচুগাছে আমাকেই উঠতে হলো। বেপারিকে ফতুর করার একটু বাকি থাকতেই লোডশেডিংয়ের পরিসমাপ্তি। তাড়াহুড়ো করার জন্য কোনো দিকে খেয়াল না করে একটা বোলতার বাসা ধরে দিয়েছি টান। আমার কাজ আমি করেছি বোলতার কাজ তো তারা করবেই। যা হোক, নিজেকে মাটিতে আবিষ্কার করলাম। কানের কাছে পরিচিত কণ্ঠে শুনলাম, ‘পালাও, পালাও!’ এক মুহূর্তের জন্য উসাইন বোল্ট হয়ে গেলাম। পরদিন দেখলাম হাতমুখের এতটাই স্বাস্থ্য হয়েছে যে নিজেকেই চেনা কঠিন! মো. শাহীনদর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।