অভিযান সত্ত্বেও কাঠ পুড়ছে
ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অমান্য করে চট্টগ্রামের অধিকাংশ ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। ফলে উজাড় হচ্ছে বনাঞ্চল। পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ বিভিন্ন সময়ে ইটভাটাগুলোয় অভিযান চালালেও কাঠ পোড়ানো থেমে নেই। পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের সংশোধিত ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে ইটভাটার জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো নিষিদ্ধ করে কয়লা ব্যবহারের কথা বলা হয়েছে। এই আইন অমান্য করায় গত বছর বেশ কিছু ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর গত এক মাসে (ডিসেম্বর) জেলার বিভিন্ন এলাকার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার ১০টি ইটভাটা থেকে পাঁচ হাজার মণ কাঠ জব্দ করা হয়। এ ছাড়া লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় লোহাগাড়া, হাটহাজারী, বাঁশখালী, সাতকানিয়া ও চন্দনাইশের ২৭ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া কাঠ পোড়ানোর দায়ে ১৭ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম জানান, চট্টগ্রাম জেলায় ইটভাটা আছে ৪৭২টি। এর মধ্যে ২৬৪টি বৈধ। বাকি ২০৮টি অবৈধ। তিনি বলেন, ‘ইটভাটাগুলোতে কাঠের ব্যবহার নিরুৎসাহিত করতে গত বছর থেকে জিকজ্যাক পদ্ধতিতে ইট উৎপাদন বাধ্যতামূলক করা হয়েছে। জিকজ্যাক পদ্ধতিতে জ্বালানি হিসেবে শুধু কয়লা ব্যবহার করা যায়। তবে এখনো বেশির ভাগ ইটভাটায় বয়লার পদ্ধতিতে ইট তৈরি হচ্ছে। এই পদ্ধতিতে জ্বালানি হিসেবে কাঠ ও কয়লা দুটোই ব্যবহার করা যায়। কয়লার দাম বেশি বলে মুনাফার লোভে কিছু ইটভাটার মালিক কাঠ পোড়াচ্ছেন।’ বৃহত্তর চট্টগ্রাম ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আবদুল মালেক সব ইটভাটায় ব্যাপকহারে কাঠ পোড়ানোর কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘এ বছর ১ জানুয়ারি থেকে কয়লার দাম আরও এক দফা বাড়িয়েছে সরকার। তাই উৎপাদন খরচ কমাতে কয়লার পাশাপাশি হয়তো কেউ কেউ ইটভাটায় জ্বালানি কাঠও ব্যবহার করতে পারেন।’পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পরিচালক (প্রশাসন) জমির উদ্দিন বলেন, ‘বয়লার পদ্ধতি থেকে জিকজ্যাক-এ রূপান্তর করার জন্য ইটভাটার মালিকদের চলতি বছরের (২০১২) ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এ যাবৎ প্রতি উপজেলায় গড়ে দুই থেকে তিনটি ইটভাটা জিকজ্যাক পদ্ধতিতে রূপান্তরিত হয়েছে।’ সম্প্রতি সরেজমিনে ফটিকছড়ির সুয়াবিলে ডিডিএম ইটভাটায় দেখা গেছে, ইটভাটার এক পাশে কাঠ ও কয়লা স্তূপ করে রাখা হয়েছে । এ বিষয়ে জানতে চাইলে ইটভাটার মালিক নূর আলী বলেন, ‘সরকার একেক সময় একেক নিয়ম করে। এতে ইটভাটার মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইটশিল্পকে বাঁচাতে হলে কাঠ ও কয়লা দুটোরই ব্যবহার করতে হবে।’এদিকে, চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চলের পাশে গড়ে ওঠা ইটভাটাগুলোতে বনের কাঠ পুড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে চট্টগ্রামের উপবনসংরক্ষক (উত্তর) উত্তম কুমার সাহা বলেন, ‘এই দপ্তরের অধীনে ৫৬ হাজার ১৩১ দশমিক ৭০ হেক্টর বনভূমি রয়েছে। এসব বনের আশপাশে ২৩৩টি ইটভাটা গড়ে উঠেছে। এর মধ্যে বৈধ ৮০টি এবং অবৈধ ১৫৩টি। অবৈধভাবে বনের কাঠ পোড়ানোর অভিযোগে এসব ইটভাটায় নিয়মিত অভিযান চালানো হয়।’চট্টগ্রামের উপবনসংরক্ষক (দক্ষিণ) বখতেয়ার উদ্দীন এ প্রসঙ্গে বলেন, ‘লোহাগাড়া, বাঁশখালী ও সাতকানিয়ায় বনের আশপাশে অর্ধশত ইটভাটা রয়েছে। এখানকার বেশির ভাগ ইটভাটায় কাঠ পুড়ছে। বিষয়টি জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে।’