অভিযানে ভাটা, মিটার ছাড়াই চলছে অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশা মিটারে চলতে বাধ্য করার জন্য পুলিশের অভিযান শুরু হয়েছিল গত ২৪ জুলাই। তবে সপ্তাহ না ঘুরতেই ভাটা পড়েছে অভিযানে। অভিযান শুরুর পর কয়েক দিন অটোরিকশাগুলো মিটারে চললেও এখন আবার চুক্তিতে যাত্রী পরিবহন করছেন চালকেরা।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান প্রথম আলোকে বলেন, মিটারে যাত্রী পরিবহন না করায় গত ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত তিন হাজার ৩০০ অটোরিকশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জব্দ করা হয় ১১৭টি অটোরিকশা। এর মধ্যে গত ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত অভিযানের প্রথম পাঁচ দিনে মামলা হয়েছে ২ হাজার ৮০০টি। অথচ ৩১ জুলাই থেকে ৩ আগস্ট শেষ চার দিনে মামলা হয়েছে মাত্র ৭০০টি।

গত কয়েক দিন অফিস ছুটির আগে ও পরে নগরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, চুক্তিতে যাত্রী পরিবহন করছে অটোরিকশাগুলো। যাত্রীদের অভিযোগ, মিটারে যেতে চান না অটোরিকশাচালকেরা। তাঁরা ভাড়াও হাঁকছেন আগের চেয়ে বেশি।

গতকাল বুধবার সকাল ১০টায় নগরের লাভ লেইন এলাকার নেভাল মোড়ে কথা হয় বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রেজা চৌধুরীর (৫৩) সঙ্গে। তিনি বলেন, লাভ লেইন থেকে প্রবর্তক মোড়ের দূরত্ব আড়াই কিলোমিটারের মতো হবে। এই দূরত্বে মিটারে গেলে ভাড়া ৪৬ থেকে ৪৮ টাকা আসে। কিন্তু গত রোববার থেকে আবার চুক্তিতে যাত্রী পরিবহন করছেন চালকেরা। এমনকি ভাড়াও চাইছেন বেশি। ২৪ জুলাইয়ের আগে প্রবর্তক মোড়ে দরদাম করে ৫০ টাকায় যাওয়া যেত। কিন্তু এখন চালকেরা ৭০ থেকে ৮০ টাকা ভাড়া হাঁকছেন।

এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় নগরের আগ্রাবাদ এলাকায় কথা হয় বিদ্যালয়ের শিক্ষিকা মুন্নি ইসলামের (৩৫) সঙ্গে। তিনি অভিযোগ করে বলেন, মিটারে যেতে চাইলে চালকেরা বলেন, মিটার নষ্ট। অনেক সময় মিটারের কথা বলার সঙ্গে সঙ্গে চালক কোনো কথা না বলে চলে যান। তাই বাধ্য হয়ে দরদাম করে অটোরিকশায় উঠতে হচ্ছে।

একই দিন সকালে নগরের অক্সিজেন এলাকার বাসিন্দা সোহরাব হোসেন (৪৬) বলেন, মিটারে অটোরিকশা চালাতে বাধ্য করার কারণে নগরে পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছিল। সপ্তাহ না ঘুরতে পুলিশের অভিযানে ভাটা পড়েছে। এ কারণে চালকেরা আবার চুক্তিতে যাত্রীদের যেতে বাধ্য করছেন।

তবে পুলিশ বলছে অভিযান চলছে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান বলেন, মিটারে অটোরিকশা চালাতে অভিযান বন্ধ হয়নি। এতে গণপরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসছে। কিন্তু কোনো চালক মিটারে না যেতে না চাইলে যাত্রীদেরও উচিত পুলিশকে জানানো। যাত্রীদের সহযোগিতা পেলে সংশ্লিষ্ট অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে।

মাসুদ-উল হাসান আরও বলেন, ‘প্রতিটি মোড়ে পুলিশ আবার কড়াকড়িভাবে অভিযান চালাবে। আমরা আশা করছি, মিটারে যাত্রী পরিবহনের বিষয়টি ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে।’

বিআরটিএ সূত্র জানায়, গত বছরের মাঝামাঝি সময়ে গ্যাসের দাম বাড়ানোর কারণে সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও পুনর্নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৪০ টাকা, যা আগে ২৫ টাকা ছিল। এ ছাড়া প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। যানজট বা অন্য কোনো কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য গুনতে হবে ২ টাকা করে, যা আগে ছিল ১ টাকা ৪০ পয়সা।

পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, গত ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম নগরে মিটারে অটোরিকশা চলাচল শুরু হয়। এর মাস দেড়েক পর নিবন্ধনহীন অটোরিকশা উচ্চআদালতের নির্দেশে চলাচল শুরু করলে পুরোনো গাড়ির চালকেরা মিটার বন্ধ করে দেয়।