অভিযুক্তই মামলার সাক্ষী!
টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার মোহাম্মদ ইসমাইল বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশের তালিকাভুক্ত মানবপাচারকারী। সম্প্রতি তাঁর ইঞ্জিনচালিত নৌকায় মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় বিজিবির হাতে আটক হওয়া লোকজনও পাচারকারী হিসেবে তাঁর নাম বলেছেন। অথচ এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে দায়ের করা মামলায় তাকেই সাক্ষী করা হয়েছে।৭ ফেব্রুয়ারি রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ট্রলারযোগে শ-খানেক লোককে মালয়েশিয়া পাচার করা হচ্ছিল। এ সময় কয়েকজন এলাকাবাসী স্পিডবোটে ট্রলারটি ধাওয়া করলে পাচারকারী ও ট্রলারের অধিকাংশ লোক পালিয়ে যান। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা ছয়জনকে আটক করেন। বিজিবির সদস্যরা ট্রলারটিও জব্দ করেন।আটক ব্যক্তিরা হলেন: শাহপরীর দ্বীপের বাজারপাড়ার মো. ওসমান গনি (৩০), পৌর এলাকার সাইট্যংখিলের আবদুল হক (২৩), মিয়ানমারের নাগরিক মো. হাসেম (১৮), উখিয়ার কুতুপালং শরণার্থী-শিবিরের বাসিন্দা আবুল ইসলাম (২১), আবুল হোছেন (১৮) ও টেকনাফের নয়াপাড়া শরণার্থী-শিবিরের খলিল উল্লাহ (৩৬)।পরদিন ৮ ফেব্রুয়ারি দুপুরে আটক হওয়া ব্যক্তিরা টেকনাফ থানায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আটক হওয়া মো. ওসমান গণি ও আবদুল হক সাংবাদিকদের জানান, শাহপরীর দ্বীপের মো. ইসমাইল (৩২) ও তাঁর ভাই জিয়াবুল হক (৩৪) তাঁদের মালয়েশিয়ায় পাঠাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের ধাওয়া খেয়ে চালক তাঁদের ঘোলারচর এলাকার সমুদ্রসৈকতে নামিয়ে দেন। অধিকাংশ লোকজন পালিয়ে গেলেও তাঁরা ধরা পড়েন।এ ঘটনার পর শাহপরীর দ্বীপ বিজিবির কোম্পানি কমান্ডার তোতা মিয়া বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় প্রকৃত পাচারকারী ইসমাইলকে আসামি না করে সাক্ষী করা হয়েছে।এ ব্যাপারে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, ঘটনাস্থলে কোনো সাক্ষী না পাওয়ায় ইসমাইলকে মামলার সাক্ষী করা হয়েছে। তিনি আরও বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা চাইলে সাক্ষীকে আসামিও করতে পারেন। এ ব্যাপারে বিজিবির দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, ‘ইসমাইল বিজিবি ও পুলিশের তালিকাভুক্ত মানবপাচারকারী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।’উল্লেখ্য, গত বছরের নভেম্বরের প্রথম দিকে শাহপরীর দ্বীপ এলাকায় বিজিবির সদস্যরা ইসমাইলের মালিকাধীন ট্রলার আটক করেছিলেন। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছিল।