রাঙামাটি পৌরসভায় শেষ মুহূর্তে এসে অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। মেয়র প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। এ নিয়ে ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে শঙ্কিত ভোটাররা।
গত বৃহস্পতিবার নির্বাচন প্রসঙ্গে এক নম্বর ওয়ার্ডের রিজার্ভ বাজার এলাকার ভোটার তপন কুমার মল্লিক (৪৮) বলেন, ভোটের ব্যাপারে অনেকে সংখ্যালঘুদের ভালো চোখে দেখে না। মনে করে আমরা একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিই। এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হওয়ায় সেটা আরও বেশি মনে হবে। এ নিয়ে শঙ্কা রয়েছে।’
নির্বাচনী দৌড়ে এখন পাঁচজন মেয়র পদপ্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মো. আকবর হোসেন চৌধুরী, বিএনপির মো. সাইফুল ইসলাম চৌধুরী, জনসংহতি সমিতি-সমর্থিত গঙ্গা মানিক চাকমা, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. রবিউল আলম ও জাতীয় পার্টির প্রার্থী শিবু প্রসাদ মিশ্র।
বৃহস্পতিবার রিজার্ভ বাজরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রচারণার সময় বিএনপির মেয়র পদপ্রার্থী মো.সাইফুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের কর্মীদের আচার-আচরণ ঠিক মনে হচ্ছে না।
জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম জানান, বিএনপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে একজন নারীকে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। এতে আওয়ামী লীগের হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আকবর হোসেন চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সেখানে আওয়ামী লীগের কোনো হাত নেই। যারা অপকর্ম করেছে তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগী নারী মামলা করেছেন।’
অপরদিকে বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী মো. রবিউল আলম বিএনপি প্রার্থী মো. সাইফুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে তাঁকে এবং তাঁর কর্মীদের হুমকি ধামকি দেওয়া, প্রচারে বাধা ও পোস্টার ছিঁড়ে ফেলাসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। অবশ্য বিএনপি এ অভিযোগ অস্বীকার করেছে।
এ ছাড়া আওয়ামী লীগের কর্মীরা অভিযোগ করছেন, জনসংহতি সমিতির কর্মীরা সাম্প্রদায়িকতাকে পুঁজি করছেন। আবার জনসংহতি সমিতির কর্মীরা বলছেন, স্থানীয় একটি দৈনিক পত্রিকা বিশ্লেষণের নামে সাম্প্রদায়িকতার িবষবাষ্প ছড়াচ্ছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রাঙামাটি পৌরসভার ভোট কেন্দ্র ২৮টি। এর মধ্যে প্রায় অর্ধেক কেন্দ্রে সুষ্ঠু ভোট নিয়ে সংশয়ে রয়েছেন ভোটাররা। দুই নম্বর ওয়ার্ডের ভোটার আব্দুল কাদের (৪০) বলেন, আওয়ামী লীগ-বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা যেভাবে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছেন তাতে সুষ্ঠুভাবে ভোট দেওয়া যাবে কি না চিন্তা হচ্ছে।
তবলছড়ি এলাকার একজন পাহাড়ি ভোটার নাম প্রকাশ না করে বলেন, ‘এই কেন্দ্রে বিএনপি আওয়ামী লীগ দুই পক্ষই শক্তিতে সমান। আর জনসংহতি সমিতির সমর্থিত একজন মেয়র পদপ্রার্থী থাকায় আমাদের ওপর দুই দলের চোখ থাকবে। সে কারণে আমরা খুবই শঙ্কিত।’
তবে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান বলেন, নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে আয়োজনে প্রস্তুত প্রশাসন। তিনি জানান, তাঁদের ওপর কোনো ধরনের চাপ নেই। সব মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।