অভিযোগের শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাঠে খেলোয়াড়দের বসার ব্যবস্থা নেই। খোলা জায়গায় খেলোয়াড়দের পোশাক পরিবর্তন করতে হচ্ছে। এ ছাড়া, খেলার দিন খাওয়ার পানি দেওয়া হয় না। আর দেখে মনে হয় না মাঠের কোনোরকম পরিচর্যা করা হয়।’ এসব অভিযোগ চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী খেজুরতলা ফুটবল একাদশের ব্যবস্থাপক মুহাম্মদ বদিউজ্জামানের। তাঁর সঙ্গে সুর মিলিয়ে পাহাড়তলী একাদশের সাধারণ সম্পাদক ও ফুটবল কোচ মোহাম্মদ মুসা বলেন, ‘এখানে কোনো বল পিকার নেই, চিকিৎসক নেই। তার ওপর সংস্থার লোকজন আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এসব কারণে এ লিগে ক্রমশ দল কমে যাচ্ছে’ এ রকম নানা অভিযোগের মধ্য দিয়ে চলছে দামপাড়া পুলিশ লাইন মাঠে ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের খেলা। অভিযোগ সম্পর্কে সংস্থার দপ্তর সম্পাদক আহমদুর রহমান মুনশি বলেন, ‘আমরা বিরতির সময় পানি দিচ্ছি। খেলোয়াড়রা ড্রেসিং রুমের আসবাবপত্র ভাঙচুর করে বলে ফুটবল খেলার সময় আমরা কোনো দলকে ড্রেসিং রুম দিই না।’ মাঠের দুরবস্থা নিয়ে সংস্থার ফুটবল সম্পাদক ইবাদুল হক বলেন, ‘সারা দেশের ফুটবল মাঠের একই অবস্থা। আর মাঠে প্রতিদিন খেলা থাকায় পানি দেওয়াও সম্ভব না।’এবারে জয়ী-পরাজয়ী দুদলই খেলোয়াড়দের সঙ্গে মাঠে খারাপ ব্যবহার নিয়ে রেফারির বিরুদ্ধে প্রশ্ন তোলে। খেলা শেষ হতে না-হতেই ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের কাছে অভিযোগ করে তারা।খেজুরতলা একাদশের খেলোয়াড় সুনির্মল বলেন, ‘রেফারির আচরণে আমরা সবাই হতবাক। যেখানে খারাপ আচরণ থামাতে তিনি ভূমিকা রাখবেন সেখানে উল্টা আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।’ বিজয়ী দল পাহাড়তলী একাদশের অধিনায়ক আরিফ বলেন, ‘মাঠে উপস্থিত কর্মকর্তার কথামতো খেলোয়াড়কে কার্ড দেখানোর ঘটনা আগে দেখিনি।’ তবে দুদলের অভিযোগই উড়িয়ে দেন রেফারি এনামুল হাসান। তিনি বলেন, ‘আমি বিচারক, মাঠে খারাপ ব্যবহার করার প্রশ্নই ওঠে না। তবে মাঠ নিয়ন্ত্রণ করতে অনেক সময় একটু ধমক দিতে হয়, এর বেশি কিছু না।’ ১২ ডিসেম্বর শুরু হওয়া মহানগরী ফুটবল লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহানগরী ক্রীড়া্রসংস্থার সভাপতি, সিএমপি কমিশনার মোহাম্মদ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানি। উপস্থিত ছিলেন সিএমপি উপকমিশনার আমেনা বেগম ও সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শায়েস্তা খান। ফুটবল কমিটির সম্পাদক ইবাদুল হক জানান, এবার অংশগ্রহণকারী ১৯টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। গ্রুপ লিগ শেষে প্রতি গ্রুপের সেরা দুটি করে আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। জানুয়ারির শেষ দিক পর্যন্ত খেলা গড়াবে।