অভুক্তিতে উপকার?
মাঝেমধ্যে অভুক্ত থাকলে সুস্থতা ও আয়ু বাড়ে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল গবেষক এ কথা জানিয়েছেন। রিজুভেনেশন রিসার্চ সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, থেমে থেমে অভুক্ত থাকলে এসআইআরটিথ্রি নামের একটি জিনের পরিমাণ সামান্য বাড়ে। এটি দীর্ঘায়ু ও কোষের প্রতিক্রিয়া সুরক্ষায় ভূমিকা রাখে। এ ছাড়া জিনটি এসআইআরটিথ্রি নামের একটি প্রোটিন নিয়ন্ত্রণ করে। না খেয়ে থাকার হালকা চাপের মতো পরিস্থিতিতে শরীরে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। তা ছাড়া এ ধরনের উপবাস করলে শরীরে ইনসুলিনের মাত্রা কমে। এতে খাদ্যাভ্যাস পরিবর্তনের সঙ্গে ডায়াবেটিস প্রতিরোধের সম্পর্কের ব্যাপারে ইঙ্গিত পাওয়া যায়। গবেষকেরা ২৪ জন স্বেচ্ছাসেবীর ওপর ওই গবেষণা চালান। তাঁদের অধিকাংশই জানান, না খেয়ে থাকার অভিজ্ঞতা বিশেষ দিনে ভূরিভোজের অভিজ্ঞতার চেয়ে ভালো এবং ব্যাপারটা মোটেও কষ্টকর নয়। আইএএনএস