
অভ্যুদয় সংগীত অঙ্গনের উদ্যোগে ১৬ মার্চ সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে (টিআইসি) ‘আমি সুদূরের পিয়াসী’ শিরোনামের রবীন্দ্রসংগীতের আসরের আয়োজন করা হয়।
ভারতের লোকসংগীত–গবেষক ও শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত এই শিল্পীকে। তাঁর স্মরণে শোক সংগীত পরিবেশন করেন অভ্যুদয়ের দলপ্রধান শিল্পী শ্রেয়সী রায়।
মূল আয়োজন শুরু হয় অভ্যুদয়ের শিল্পীদের কণ্ঠে সমবেত পরিবেশনা ‘মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ’ দিয়ে। এরপর কখনো দ্বৈত, কখনো একক আবার কখনো সমবেত গানে মাতানো ছিল অনুষ্ঠানটি। একে একে ‘আমি কেবলি স্বপন করেছি বপন’, ‘দিনগুলি মোর সোনার খাঁচায়’, ‘কৃষ্ণকলি’, ‘খেলাঘর বাঁধতে লেগেছি’ ইত্যাদি গান পরিবেশন করেন অভ্যুদয়ের শিল্পীরা।
কিছু একক সংগীত সুর–লয়ে ঠিকঠাকমতো না গেলেও পুরো অনুষ্ঠানটি দর্শকদের ভালো লেগেছে। এ ছাড়া অভ্যুদয়ের শিল্পীদের সম্মেলক গানগুলো ছিল অসাধারণ। ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ সমবেত এই গানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।