অভ্রের জন্য কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ বছরের প্রাণচঞ্চল তরুণ অভ্র জ্যোতি মজুমদার মার্শাল আর্টে ব্ল্যাকবেল্টধারী। লেখাপড়া করছেন চট্টগ্রামের পাহাড়তলী ডিগ্রি কলেজে। কিন্তু হেপাটাইটিস-বি, যক্ষা ও মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে তিনি আজ মৃত্যুপথযাত্রী। তাঁর বৃক্ক, যকৃৎ ও পাকস্থলী বিকল হয়ে পড়েছে। চিকিৎসার জন্য দরকার ১০-১২ লাখ টাকা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা শিক্ষক প্রণয় মজুমদারও ছেলের এমন অসুস্থতা দেখে স্ট্রোক করে শয্যাশায়ী। অভ্রের এই অবস্থায় এগিয়ে এসেছেন তাঁর বন্ধুরা। তাঁর সাহায্যে খুলেছেন ফেসবুক পেজ, আয়োজন করেছেন কনসার্টের।
হোনকে সোতকান কারাতে দো অ্যাসোসিশেনের শিক্ষার্থী ছিলেন অভ্র। সেই সূত্রে মাহাম্মদ ইমরান হোসেন ও সাবিহা নাসরিনের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব। অভ্রকে সুস্থ করে তুলতে তাঁর এই বন্ধুরা ফেসবুকে ‘সেভ অভ্র’ নামের একটি ইভেন্ট খুলেছেন। তাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিপণিবিতানে গিয়ে তহবিল সংগ্রহ করেছেন। শিল্পকলা একাডেমী ও মুসলিম হলে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনও করেছেন তাঁরা। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর মুসলিম হলে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর অভ্র’। ওয়ার্কশপ বিডির উদ্যোগে এই কনসার্টের সার্বিক সহযোগিতায় ছিলেন সেভ অভ্রর সদস্যরা।
কনসার্টের শুরুতে ছিল প্রলয়শিখা ব্যান্ডের পরিবেশনা। এই ব্যান্ডের সদস্যরা গাইলেন মেটালিকা ব্যান্ডের জনপ্রিয় গান ‘ফর হুম দ্য বেল টোলস’সহ বেশ কয়েকটি গান। তারপর মঞ্চে আসে হাটর্জ রিলেশন ব্যান্ড। ‘রাজাকার’, ‘সত্যের কাছাকাছি শহর’সহ আটটি গান করেন এই ব্যান্ডের সদস্যরা।
ফেসবুকের ‘সেভ অভ্র’ ইভেন্টের কর্মী ও অভ্রের বন্ধু মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ‘আজকে আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি, অন্তত টাকার জন্য অভ্র কখনো আমাদের ছেড়ে চলে যেতে পারবে না।’ উল্লেখ্য, চলতি বছরের ফেব্রয়াারি মাসে প্রথম অভ্রের শরীরে অসুস্থতা ধরা পড়ে। তারপর তাঁকে চট্টগ্রাম, ঢাকা ও কলকাতায় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।