অভয়ারণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহুরে রাস্তায় ঘুরে বেড়ায় যে কুকুরগুলো, তাদের জন্য কাজ করে যাচ্ছে ‘অভয়ারণ্য’ নামের সংগঠনটি। কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ আর জলাতঙ্ক প্রতিরোধ—এই হলো তাঁদের লক্ষ্য। মোহাম্মদপুরের বসিলায় তাদের কর্মকাণ্ড দেখে এসে জানাচ্ছেন মো. সাইফুল্লাহসদর দরজায় কোথাও ‘কুকুর হইতে সাবধান’ লেখা নেই। তবু, ভেতরে প্রবেশের আগে দ্বিতীয়বার ভাবতে হলো! বাইরে থেকেই শোনা যাচ্ছিল কুকুরের হাঁকডাক। এমন কিছুই দেখার প্রত্যাশা ছিল, তবু ভেতরে ঢুকে অবাক হতে হলো! বিশাল খাঁচার ভেতর অনেকগুলো কুকুর, সবই দেশি। কয়েকটা জালে জড়ানো। বেশির ভাগেরই ঘুমে ঢুলুঢুলু চোখ। শুধু কোনার দিকে একটা কুকুর চট করে দাঁড়িয়ে গেল। সাদা-কালো গায়ের রং, পেটানো স্বাস্থ্য। দুই পা এগিয়ে এসে মৃদু ঘেউ ঘেউ করল। যেন আগন্তুককে সাবধান করে দিল, ‘আহ! বন্ধুরা ঘুমাচ্ছে, বিরক্ত কোরো না!’ পরে জেনেছি, তার নাম ‘অভয়’।‘অভয়’দের অভয় দিতেই কাজ করছে অভয়ারণ্য নামের এই সংস্থা। জলাতঙ্ক রোধ এবং কুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণই তাদের প্রধান লক্ষ্য। ব্যাপারটা একটু বুঝিয়ে বললেন অভয়ারণ্যের পশু চিকিৎসক ডা. মো. সামিউল হক। ‘জলাতঙ্ক রোধ কিংবা কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে কয়েক বছর আগেও প্রচুর কুকুর মেরে ফেলা হতো। যা মোটেও বিজ্ঞানসম্মত কোনো সমাধান নয়। তা ছাড়া এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। আমরা কুকুরদের বন্ধ্যাকরণ করি এবং জলাতঙ্কের টিকা দিই। বিভিন্ন এলাকা থেকে কুকুর ধরে এনে টিকা দেওয়া এবং বন্ধ্যাকরণের কাজ শেষ হলে আমরা যে এলাকা থেকে কুকুরটা ধরে আনা হয়েছে, ঠিক সেখানেই রেখে আসি। প্রতি শনিবার আমরা আবার সে এলাকায় যাই। দেখে আসি, কুকুরগুলো সুস্থ আছে কি না।’সামিউল হক ছাড়াও অভয়ারণ্যে আছেন আরও দুজন চিকিৎসক। ডা. মো. মাহমুদার রহমান ও ডা. মো. আব্দুল্লাহ আল মুজাহিদ। বন্ধ্যাকরণ আর টিকা প্রদান ছাড়াও বিভিন্ন এলাকার অসুস্থ কুকুরগুলোকে চিকিৎসা দেন তাঁরা। পোষা কিংবা মালিকবিহীন, সব কুকুরের জন্যই তাঁরা আছেন।কোনো এলাকায় কার্যক্রম শুরু করার আগে লিফলেট বিতরণ করে সচেতনতা তৈরির চেষ্টা করেন অভয়ারণ্যের কর্মীরা। জানালেন, অনেক এলাকার মানুষ এখনো অভয়ারণ্যের কার্যক্রমটা ঠিক বুঝে উঠতে পারেননি। অনেকেই ভাবেন, কুকুর ধরে নিয়ে মেরে ফেলা হয়। এই ভুল ভাঙাতেও তাঁরা কাজ করছেন। মানুষ না বুঝলেও কুকুরেরা ঠিকই বোঝে, কালো টি-শার্ট পরা এই মানুষগুলো তাদের শত্রু নয়, বন্ধু! ‘কোনো এলাকায় কাজ শেষ হয়ে গেলে আবার যদি সেখানে যাই, কুকুরগুলো আমাদের চিনে ফেলে। আমাদের গাড়িও চেনে। কাছে এসে ঘেউ ঘেউ করে, লেজ নাড়ে।’ বলছিলেন ডাক্তার মাহমুদার রহমান। অভয়ারণ্যের কুকুর ধরা দলের প্রধান হাবিবুল্লাহ চিশতী। অবিন্যস্ত চুল-দাড়ির মানুষটি কীভাবে যেন দ্রুত কুকুরদের সঙ্গে ভাব জমিয়ে ফেলেন! অভয়ারণ্যের কর্মীদের কাছে তিনি হাবিব কাকা।হাবিব কাকা বললেন কালুর গল্প। কালুর বাড়ি নবীনগর হাউজিংয়ের কাছে। মালিকের কাছ থেকে নিয়ে এসে কালুকে চিকিৎসা দিয়েছিলেন তাঁরা। এরপর থেকে প্রায়ই এত দূর হেঁটে মোহাম্মদপুর, বসিলার অভয়ারণ্যে বেড়াতে আসে কালু। ব্যথা পেলে নিজে নিজেই চলে আসে, হাবিব কাকাও দেখলেই বোঝেন, কী বলতে চায় সে। ‘একবার কে জানি ছুরি দিয়া কালুর দুই পায়ে কোপ দিছে। বহুত কষ্টে হাঁটতে হাঁটতে এইখানে আসছে। গেটের কাছে আইসা আর হাঁটতে পারে না, ঘেউ ঘেউ কইরা ডাকতেছিল। আমি কালুর ডাক শুইনা দৌড়ায় গেছি। আমারে দেইখা তার সে কী কান্না! হেই কান্না দেখলে আপনারও চোখে পানি আইসা যাইব।’ আদরের কালুর কথা বলতে গিয়ে হাবিব কাকার চোখ চকচক করে! চিকিৎসা দিয়ে কালুকে সুস্থ করেছেন অভয়ারণ্যের চিকিৎসকেরা।অভয়ারণ্যের ভেতরেই বড় হচ্ছে বেশ কয়েকটা কুকুর। ছবি তোলার জন্য হাবিব কাকার সঙ্গে ‘মডেল’ হলো ছোট্ট কুকুর বাটুল। বাটুলকে কোলে নিয়ে হাবিব কাকা ছবি তুলছিলেন, ওদিকে ঘেউ ঘেউ করে চিৎকার জুড়ে দিল আরেকজন। হেসে বললেন হাবিব, ‘ওর নাম চেসিস। আমি অন্য কুকুররে আদর করলেই ওর হিংসা হয়। চিৎকার করে!’ এগিয়ে গিয়ে চেসিসকেও আদর করলেন হাবিব। চেসিসের গল্পটাও অন্য রকম। অভয়ারণ্যের কাছেই ঘুরঘুর করত সে। হঠাৎ করেই সে উধাও, কোথাও নেই চেসিস। ‘একদিন কাদায় মাখামাখি একটা আধমরা কুকুর নিয়া হাজির হইল এক লোক। কুকুরটা নাকি সিএনজির লগে বাড়ি খাইয়া তিন দিন কাদার মইধ্যে পইড়া আছিল। কাদা পরিষ্কার করার পর দেখি আমাগো চেসিস!’ চেসিসকেও চিকিৎসা দিয়েছেন তাঁরা। তবে পেছনের পা দুটো অবশ হয়ে গেছে তার। চেসিসের জন্য বিশেষ ধরনের গাড়ি বানিয়ে দিয়েছেন অভয়ারণ্যের কর্মীরা। গাড়িতে পেছনের দুই পা তুলে দিয়ে দিব্যি হাঁটতে পারে সে!টিকা দেওয়ার পর কুকুরগুলোর ডান কান ভি-আকৃতিতে কেটে দেন চিকিৎসক। বাঁ কানে কৌশলে আটকে দেন ট্যাগ নম্বর। এতে কুকুরগুলোকে দেখলেই বোঝা যায়, টিকা দেওয়া আছে কি না। জলাতঙ্ক রোগ মূলত কুকুরের মাধ্যমেই ছড়ায়। কুকুরদের টিকা দেওয়ার মাধ্যমে এ রোগ থেকে রেহাই পাচ্ছে মানুষও। ইতিমধ্যে ঢাকাকে কুকুর নিধনমুক্ত ঘোষণা করেছে ঢাকা সিটি করপোরেশন। ২০১৫ সাল নাগাদ জলাতঙ্কমুক্ত ঢাকা গড়ার লক্ষ্য তাদের।বিস্তারিত জানতে ঢুঁ দিতে পারেন অভয়ারণ্যের ফেসবুক পেজে: http://goo.gl/pLP96রুবাইয়া আহমেদচেয়ারম্যান, অভয়ারণ্যবাংলাদেশে প্রাণী সুরক্ষায় কাজ করছে, এমন কোনো সংস্থা ছিল না। বাইরের দেশে এ ব্যাপারটা বেশ গুরুত্বের সঙ্গে দেখা হয়। পরিবেশ রক্ষায়ও এটি ওতপ্রোতভাবে জড়িত। আমি দেশের বাইরে ছিলাম, এ ধরনের বিভিন্ন সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। ইচ্ছা ছিল, বাংলাদেশে এ ব্যাপারে কাজ শুরু করব। ২০০৯ সালে ঢাকা সিটি করপোরেশনের কুকুর নিধন অভিযানে আমার নিজের পোষা কুকুরটাও মারা পড়ল। তখন ভাবলাম, এ বিষয়ে কিছু করা উচিত।প্রথমত আমাদের সাহায্য করছে ঢাকা সিটি করপোরেশন। এ ছাড়া আমাদের কিছু বন্ধু, যারা আমাদের মতোই ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছে। কিছু সরকারি প্রতিষ্ঠান, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও), বেসরকারি প্রতিষ্ঠান বিটপী, সমাজে প্রতিষ্ঠিত বেশ কিছু মানুষের কাছ থেকেও আমরা সাহায্য পাচ্ছি।