রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে তোলা দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে নিরাপদে নেই বন্যপ্রাণীরা। মানুষের পদচারণা আর নির্মম শিকারে মৃত্যুমুখে পতিত হচ্ছে বহু পশুপাখি। বন্যপ্রাণী সংরক্ষণে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ গত বছরের মে মাসে এই অভয়ারণ্য ঘোষণা করে। কিন্তু অবকাঠামোগত নিরাপত্তাব্যবস্থা এখনো গড়ে তোলা হয়নি।বন বিভাগ সূত্র জানায়, ইউনাইটেড এস্টেট অব আমেরিকান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) আইপ্যাক প্রকল্পের সহযোগিতায় এই অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এতে প্রকল্পব্যয় ধরা হয় প্রায় ৬০ কোটি টাকা। প্রাথমিকভাবে এ অভয়ারণ্যের চারপাশে সীমানাপ্রাচীর ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার জন্য ১৮ কোটি টাকা ব্যয় অনুমোদন করে বন বিভাগ। ২০১০ সালের ৯ মে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের দুধপুকুরিয়া বনবিট মাঠে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ যৌথভাবে বন্যপ্রাণী অভয়ারণ্য উদ্বোধন করেন। এ সময় তাঁরা তিনটি হরিণশাবক বনে ছেড়ে দেন। কিন্তু এরপর কোনো অবকাঠামো গড়ে তোলা হয়নি অভয়ারণ্যে। এ ছাড়া বঙ্গবন্ধু সাফারিপার্ক থেকে হরিণ ও হাতিসহ নানা প্রজাতির বন্যপ্রাণী এনে অভয়ারণ্যটিতে ছাড়ার যে পরিকল্পনা ছিল তা-ও বাস্তবায়ন করা হয়নি এখনো। পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, খুরুশিয়ার সংরক্ষিত বনাঞ্চল ছিল গভীর জঙ্গলে ঢাকা। সেই সময় বনাঞ্চলজুড়ে ছিল সেগুন, গামারি, গর্জন, মেহগনিসহ নানা প্রজাতির মূল্যবান বনজ ও ফলদ গাছ। ছিল হরিণ, বাঘ, মেছোবাঘ, হাতি, ভালুক, বানর, হনুমান, বনবিড়াল, বনমোরগ, শিয়াল, বনকুকুর, শূকরসহ নানা প্রজাতির বন্যপ্রাণী। ফলে দিন-দুপুরেও মানুষ বনাঞ্চলে যেতে ভয় পেত। কিন্তু আশির দশকের শুরু থেকে মানুষ হানা দেয় এ বনে। ফলে অল্পসময়ে এসব বনাঞ্চলের আশপাশের অনেক পাহাড় ন্যাড়া হয়ে পড়ে। বিলুপ্ত হয়ে যায় নানা প্রজাতির বন্যপ্রাণী। তবে কিছু এলাকায় এখনো মেছোবাঘ, হাতি, হরিণ, বানর, হনুমানসহ নানা প্রজাতির বন্যপ্রাণী দেখা যায়। খাদ্যের সন্ধানে এসব বন্যপ্রাণী প্রায় সময় লোকালয়ে ঢুকে পড়ে। কিন্তু জীবন নিয়ে বনে ফিরে যেতে পারে না। মানুষের কবল থেকে এসব বন্যপ্রাণী ও বনজসম্পদ রক্ষায় চার হাজার ৭১৬ একর এলাকাজুড়ে দুধপুুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। নাম প্রকাশ না করার শর্তে খুরুশিয়া রেঞ্জের এক বনকর্মী বলেন, উদ্বোধনী ফলকের মধ্যে থেমে আছে দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে তোলার কাজ। সীমানাপ্রাচীরসহ অবকাঠামোগত কাজ শুরুই হয়নি এখনো। এমনকি অভয়ারণ্যের অভ্যন্তরে শতাধিক বসতঘর থাকলেও তা উচ্ছেদের ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়নি। তিনি বলেন, বন্যপ্রাণী অভয়ারণ্য মানে নির্ধারিত সীমানায় কোনো বসতি ও জনসাধারণের পদচারণা থাকবে না। সংরক্ষণ করা হবে প্রাকৃতিক বন। অথচ অভয়ারণ্যের অভ্যন্তরে গড়ে ওঠা বসতির মানুষেরা নির্বিঘ্নে দাপিয়ে বেড়াচ্ছে বনাঞ্চল। শিকার করছে বন্যপ্রাণী। অভয়ারণ্য উদ্বোধনের চার দিন পর (গত ১৩ মে) বনাঞ্চলের অভ্যন্তরে শিকারিরা একটি হাতি মেরে দাঁত, নাক ও কান কেটে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অভয়ারণ্যের অভ্যন্তরে শিকারিরা প্রায় সময় বনমোরগ, শূকর, হরিণ, সাপসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী শিকার করে খাচ্ছে। এমনকি মূল্যবান অঙ্গ-প্রত্যঙ্গ ও চামড়া পাচার করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। গাছ কেটে নিয়ে যাচ্ছে গাছ চোরেরা। খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা গোলাম মোস্তফা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘অভয়ারণ্যে অবকাঠামোগত সুবিধা গড়ে না ওঠায় বন্যপ্রাণী ও বনজসম্পদ রক্ষা কঠিন হয়ে পড়েছে।’ অভয়ারণ্যে হাতিসহ বন্যপ্রাণী মারা যাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বন্যপশুর চেয়েও কিছু হিংস্র মানুষ বনের ভেতর ঢুকে বন্যপ্রাণী ও বনজসম্পদ লুটপাটের চেষ্টা করছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক মাকসুদ আলম বলেন, দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে তোলার কাজ সবেমাত্র শুরু হয়েছে। সীমানাপ্রাচীরসহ অবকাঠামোগত সব কাজ পর্যায়ক্রমে করা হবে। অভয়ারণ্যের অভ্যন্তরে গড়ে ওঠা বসতি উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ অভয়ারণ্য গড়ে তোলার কাজ শেষ হলে বন্যপ্রাণী ও বনজসম্পদ রক্ষা করা কঠিন হবে না। লোকালয়েও ছুটে যাবে না বন্যপ্রাণী।