অভয়ারণ্যেও নিরাপদ নয় বন্য প্রাণী
রাঙ্গুনিয়ায় গড়ে তোলা দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্য প্রাণী অভয়ারণ্যে নিরাপদে নেই বন্য প্রাণী। প্রতিনিয়ত মানুষের নির্মমতার শিকার হচ্ছে। উদ্বোধনের পর দুই বছর পেরিয়ে গেলেও প্রাণীদের নিরাপত্তার জন্য তেমন কোনো অবকাঠামো গড়ে তোলা হয়নি। পদুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিম জানান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের দুধপুকুরিয়া, খুরুশিয়া ও ধোপাছড়ি মৌজার চার হাজার ৭১৬ একর এলাকাজুড়ে এই বন্য প্রাণী অভয়ারণ্য গড়ে তোলা হয়। ২০১০ সালের ৯ মে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এটি উদ্বোধন করেন। বন বিভাগ সূত্র জানায়, ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) আইপ্যাক প্রকল্পের সহযোগিতায় এ অভয়ারণ্য গড়ে তোলা হয়। অভয়ারণ্যের চারপাশে সীমানাপ্রাচীর ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় অবকাঠামো গড়ে তোলার জন্য ১৮ কোটি টাকা ব্যয় অনুমোদন করে বন বিভাগ। কিন্তু এরপর কোনো রকম অবকাঠামো গড়ে তোলা হয়নি। বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে হরিণ ও হাতিসহ নানা প্রজাতির বন্যপ্রাণী এনে অভয়ারণ্যটিতে ছাড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা স্থগিত আছে। রেঞ্জের বনপ্রহরী মো. শাহীন বলেন, উদ্বোধনী ফলকের মধ্যে থেমে আছে দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে তোলার কাজ। সীমানা প্রাচীরসহ অবকাঠামোগত কাজ শুরুই হয়নি এখনো। শুধু একটি ব্যবস্থাপনা কার্যালয় ও বিনোদনের জন্য কয়েকটি ঘর তৈরি করা হয়েছে মাত্র। এ দিয়ে তো বন্য প্রাণী রক্ষা হবে না। অভয়ারণ্যের অভ্যন্তরে শতাধিক বসতঘর উচ্ছেদের ব্যবস্থাও নেওয়া হয়নি। তিনি বলেন, বন্য প্রাণী অভয়ারণ্য মানে নির্ধারিত সীমানায় কোনো রকম জনবসতি ও জনসাধারণের পদচারণা থাকবে না। সংরক্ষণ করা হবে প্রাকৃতিক বন। অথচ অভয়ারণ্যের অভ্যন্তরে গড়ে ওঠা বসতির মানুষেরা নির্বিঘ্নে দাপিয়ে বেড়াচ্ছে বনাঞ্চল। শিকার করছে বন্য প্রাণী। অভয়ারণ্য উদ্বোধনের চার দিন পর বনাঞ্চলের অভ্যন্তরে একটি হাতি মেরে নখ, কান, দাতসহ মূল্যবান অঙ্গপ্রত্যঙ্গ কেটে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অভয়ারণ্যের অভ্যন্তরে শিকারিরা বনমোরগ, শূকর, হরিণ, সাপসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী শিকার করে খাচ্ছে। গত ৫ ডিসেম্বর বন্দুক দিয়ে হরিণ শিকার করে ভাগ করে মাংস খেয়েছেন বন কর্মকর্তারা। এলাকাবাসী জানায়, অভয়ারণ্যের অভ্যন্তরে বসতি গড়ে কতিপয় দুর্বৃত্ত বন্য প্রাণী শিকার করে মূল্যবান অঙ্গপ্রত্যঙ্গ ও চামড়া পাচার করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। গত ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার অভয়ারণ্য থেকে শিকার করে নিয়ে যাওয়ার পথে জনতা আটক করে একটি বনবিড়াল। এ সময় শিকারি পালিয়ে যায়। খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আমির হামজা এ প্রসঙ্গে বলেন, চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কসহ দেশে যে কয়েকটি বন্য প্রাণীর অভয়ারণ্য রয়েছে তা থেকে সুফল পাওয়ায় দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্য প্রাণী অভয়ারণ্যটি গড়ে তোলে বন ও পরিবেশ মন্ত্রণালয়। তবে অভয়ারণ্যে অবকাঠামোগত সুবিধা পর্যাপ্ত পরিমাণে গড়ে না ওঠায় বন্য প্রাণী ও বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। অভয়ারণ্যে বন্য প্রাণী শিকার করার সত্যতা স্বীকার করে তিনি বলেন, বন্য পশুর চেয়েও কতিপয় হিংস্র মানুষ বনের ভেতর প্রবেশ করে বন্য প্রাণী ও বনজসম্পদ লুট করছে। যারা কোনো রকম বাধা বিপত্তিকে তোয়াক্কা করছে না। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক কৃষ্ণপদ দাশ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, দুধপুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে সীমানাপ্রাচীরসহ অবকাঠামোগত সব কাজ পর্যায়ক্রমে করা হবে। অভয়ারণ্য থেকে বসতি উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। রক্ষা করা হবে বন্য প্রাণী ও বনজ সম্পদ।