অমনোযোগীদের প্রতি মনোযোগী হন

নিজের সন্তান পড়াশোনায় অমনোযোগী হলে তা নিয়ে কার না মন খারাপ হয়? কিন্তু মন খারাপে তো আর সমস্যা দূর হবে না। আর এঁর ছেলে বা তাঁর মেয়ে কীভাবে স্কুলে ভালো ফল করছে, সে কীভাবে ফার্স্ট হচ্ছে, তা নিয়ে পড়ে থাকলেও লাভ হবে না। বরং আপনার নিজের সন্তানকে আরও ভালো করে বোঝার চেষ্টা করুন, তার বিষয়ে মনোযোগী হন।
অল্পবয়সী ছেলেমেয়েদের লেখাপড়ায় মনোযোগ না থাকার পেছনে অনেক কারণের মধ্যে একটি হলো পারিবারিক অপরিপূর্ণতা। শিশুরা পরিবারের সঠিক আদর-যত্ন না পেলে অথবা পারিবারিক কলহের মধ্যে বেড়ে উঠলে অনেক সময় পড়াশোনায় প্রয়োজনীয় মনোযোগ দিতে পারে না। তাই এ অবস্থায় অভিভাবকদের উচিত সন্তানের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করা।
এ প্রসঙ্গে তেজগাঁওয়ের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের অভিজ্ঞ শিক্ষক মেরিলিন অ্যালিস্কা গোমেজ বলেন, ‘অমনোযোগী ছাত্রছাত্রীদের বেলায় শিক্ষকদের একটু বেশিই বন্ধুসুলভ হতে হবে। শিশুদের বোঝাতে হবে, শিক্ষকদের কাছে তারা নিরাপদ। তাই ওদের কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। সম্ভব হলে মাঝেমধ্যে তারা যা করতে চায়, তা করার সুযোগ দিতে হবে, যাতে তারা শিক্ষকদের আপন ভাবতে পারে।’
১০ বছর ধরে শিক্ষকতা পেশায় থাকা মেরিলিন বলেন, শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা সম্পদের মতো। একবার শিশুদের ভালোবাসা অর্জন করতে পারলে শিশুরা নিজে থেকেই শিক্ষকদের অনুগত হবে এবং পড়াশোনাটাও মন দিয়ে শিখবে। অনেক সময় শিশুরা কোনো কিছুতে ভালো না করলেও ওদের উত্সাহ দিতে হয় এবং প্রশংসা করতে হয় যে তারা ভালো করার চেষ্টা করছে। এতে শিশুরা পড়াশোনায় আগ্রহী হবে এবং ভালো করার চেষ্টা করবে।
বকাঝকা করে বা রাগ দেখিয়ে শিশুদের পড়াশোনায় মনোযোগী করা যায় না। ভালোবাসা দিয়ে, যত্ন নিয়ে ওদের লিখতে, পড়তে বা আঁকতে বসাতে হবে। শিশুরাই আগামী দিনের ভবিষ্যত্, তাই পরিবারে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ওদের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে এবং অমনোযোগী হওয়ার কারণগুলো খুঁজে বের করে তা সমাধান করতে হবে।