অমর্ত্য সেনের সঙ্গে একদিন

বয়স তাঁকে কাবু করতে পারেনি মোটেও। ৮২ বছর বয়স হলেও নিয়ম করে প্রতিদিন সকালেই হাঁটতে বের হন। কখনো বা ত্রিশ মিনিট কখনো বা তার থেকেও বেশি। অলসতার অজুহাতে হাঁটা বাদ দেন না কখনো। আলাপের শুরুতেই হাসতে হাসতে বললেন, ‘হাঁটতে পারেন জোরে? আমার তো ৮২ বছর বয়স। আমার সঙ্গে যদি পাল্লা দিতে না পারেন, তবে সেটা খুব দুঃখের কথা হবে।’
জবাবে জানালাম শুধু হাঁটা কেন, কোনো বিষয়েই তাঁর সঙ্গে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব না। সঙ্গে এটাও জানালাম অর্থনীতি আমি এক বর্ণও বুঝি না, খুবই খটমটে বিষয় মনে হয়।
এক মুখ হাসির সঙ্গে জবাবটা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গেই, ‘সবাই সব বুঝে গেলে তো খুবই মুশকিল।’ বলেই আবার হাসলেন খানিকক্ষণ।
যাঁর কথা বলছি তিনি বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ১৯৩৩ সালের ৩ নভেম্বর তাঁর জন্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে একসময় তিনি পড়াশোনাও করেছেন। তাঁর নানা আচার্য ক্ষিতিমোহন সেন ছিলেন সংস্কৃতি ভাষার অধ্যাপক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বাবা আশুতোষ সেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। বাবার দিকের আদি বাড়ি বিক্রমপুর। মা অমিতা সেনও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। মায়ের দিকের আদি বাড়ি ছিল মানিকগঞ্জ।

বাড়ির নাম প্রতীচী
বর্তমানে শান্তিনিকেতনেই তাঁর বাড়ি। গেটের একপাশে বাড়ির নাম লেখা প্রতীচী। আরেক পাশে লেখা এ. টি. সেন। প্রতীচী ঘিরে আছে বিভিন্ন ধরনের গাছপালায়। ছায়াঘেরা বাড়ির সামনে বাগানে রয়েছে নানা রকমের ফুল আর পাতাবাহারগাছ। পাখির কিচিরমিচিরে সারাক্ষণই মুখর থাকে এই প্রতীচী। শান্তিনিকেতনের এই বাতাস গায়ে লাগলেই নাকি সুস্থ থাকেন তিনি।
গত ১৯ ফেব্রুয়ারি ভোরে তাঁর সঙ্গে দেখা করতে প্রতীচীর গেটে হাজির হই। দেখা যে হবে সেটা কল্পনাতেও ছিল না। তাঁর সঙ্গে দেখা করতে অপেক্ষমাণ আরও অনেকের সঙ্গে আমিও ছিলাম একজন। ঘণ্টা খানেক গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কারণ জানা ছিল না উনি কখন ঘুম থেকে ওঠেন।
গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা এক লোক বললেন, ‘স্যার ঘুম থেকে উঠেছে কি না তা তাঁদের জানা নেই। কারণ গেটের ওই পারে বাগানের সীমানা পর্যন্তই তাঁরা যেতে পারেন। বাড়ির ভেতরের খবর তাঁরা জানেন না।’
একজন ম্যানেজার বাবু আছেন। তিনি নাকি সারা দিনের সমস্ত কর্মপরিকল্পনা ঠিক করেন।
অবশেষে তিনি এলেন
অনেকটা সময় পর হঠাৎ গেটের সিকিউরিটির দায়িত্বে থাকা লোকটির কর্মচাঞ্চল্য বেড়ে গেল। তাঁর হাতে এতক্ষণ কিছু দেখিনি। এবার দেখলাম হাতে লম্বা এক বন্দুক।
একটু পরই দেখতে পেলাম বাগানের রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে আসছেন—আর কেউ না, খোদ অমর্ত্য সেন।
পাশ থেকে একজন জানালেন, দিদি অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছেন।
এক মুখ হাসি দিয়ে বললেন, ‘আমি খুবই দুঃখিত। আপনাকে এতক্ষণ অপেক্ষা করতে হলো।’
ওনার কথা শুনে এতক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পা ব্যথা গায়েব হয়ে গেল নিমেষেই।
জানালাম, আমি বাংলাদেশের। শান্তিনিকেতনে বেড়াতে এসেছি।
বাংলাদেশ নামটি শোনার সঙ্গে সঙ্গেই মুখভর্তি হাসিটি আরও প্রসারিত হয়ে গেল। ‘বাংলাদেশ? তাই? বাংলাদেশের কোথায়—বলেই এক হাতে জড়িয়ে ধরলেন।
হাঁটতে হাঁটতে জানালেন, বাংলাদেশ তাঁর খুব আপন জায়গা। বিশেষ করে ঢাকা, মানিকগঞ্জ ও বিক্রমপুর। তবে খুব একটা যাওয়া হয়ে ওঠে না ইদানীং।
বাংলাদেশে ঢাকার ওয়ারীতে কেটেছে তাঁর ছেলেবেলা। শিক্ষাজীবনের শুরুটাও ছিল তাঁর ঢাকায়। সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়ে।
বাংলাদেশের সব খাবারই নাকি তাঁর খুব পছন্দের। তবে মিষ্টি একদমই খান না। ঝালটাও কম খান।
বললেন, ‘মিষ্টি একদমই খাই না। সেটাকে বাঙালির কলঙ্ক বলা যেতে পারে।’
সারাক্ষণ হাসিখুশি এই মানুষটি জানান, সব রঙেই নাকি তাঁকে খুব ভালো মানায়। বলেই হাসলেন। বললেন, ‘আসলে সবই ভালো লাগে। বদলাতে হয়। রোজ একটা করে নতুন রং।’
শান্তিনিকেতনের রাস্তায় হাঁটতে হাঁটতে এটাও জানালাম, আর ঘণ্টা খানেক পরেই আমার ট্রেন। ফিরতে হবে কলকাতায়।
জানতে চাইলেন, কবে এসেছি? কে কে এসেছি? তারা কোথায়? এখানে কোথায় উঠেছি?
শান্তিনিকেতনে মাত্র দুই দিন থাকলাম শুনে তিনি বললেন, ‘শান্তিনিকেতনে কি আর দুই দিনে হয়। শান্তিনিকেতন তো অনুভবের বিষয়।’
প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোশাক পরলেও স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা তিনি এখন পরে আছেন। অর্থাৎ প্যান্ট-শার্ট আর কেডস।
দিন ও রাতের অনেকটা সময় কাটে পড়াশোনা, লেখালেখি, সেমিনার ও নানা ব্যস্ততার মধ্য দিয়ে। জানালেন সিনেমা দেখার সময় হয় আজকাল খুব কম। প্রায় হয় না বললেই চলে।
‘তবে একসময় সময় হতো। ছাত্রাবস্থায় খুব দেখতাম। তখন তো সব রাজনৈতিক ছবি হতো।’
একটি পছন্দের সিনেমার কথা এখনো তাঁর মনে পড়ে। খাজা আহমেদ আব্বাসের ধারতি কা লাল। সেই সময় এই সিনেমাটি নাকি তাঁর মনে খুব দাগ কেটেছিল।
গল্পে গল্পে প্রচণ্ড রসবোধসম্পন্ন এই মানুষটি তাগাদা দিয়ে বললেন, ‘এত ধীরে হাঁটলে হবে না। আরও জোরে কিন্তু হাঁটতে হবে।’