আট বছরের পূজা বিশ্বাসের ব্যান্ডেজ করা দুই হাত দুই পাশে উঁচু করে খাটের সঙ্গে বাঁধা। কিছুক্ষণ আগে অস্ত্রোপচার হয়েছে ওর দুই হাতে। শীর্ণ রোগা শরীর। খালি গায়ে শুয়ে থাকা মুখে যন্ত্রণার ছাপ। পায়ের আঙুলে লাগানো যন্ত্র জানান দিচ্ছে ওর নাড়ির গতি। শিরায় চলছে স্যালাইন। শিয়রে বসে থাকা পূজার নানি মঞ্জু রানী দের মুখে শোনা গেল পূজার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি। সিলেটের সাতগাঁওয়ে দাদার বাড়িতে পূজার জন্ম। বাবা বাদাম-বুট বিক্রি করে সংসার চালান। মায়ের কোল আলো করে পৃথিবীতে আসা পূজার জন্ম মেনে নিতে পারেননি দাদি। কন্যাসন্তান জন্ম দেওয়ায় গঞ্জনা শুনতে হতো তার মাকে। জন্মের মাত্র এক সপ্তাহ পরেই পূজার জীবনে ঘটে গেল সেই নিষ্ঠুর ঘটনা। বাবা গেছেন কাজে। মা পূজাকে দাদির কাছে রেখে গিয়েছিলেন পুকুরে স্নান করতে। নিষ্ঠুর দাদি পূজাকে চুলার মুখে বসিয়ে রেখে চলে যান। এরপর দাদি যা চেয়েছিলেন—সেটাই হলো। পূজার দুই হাত গিয়ে পড়ল একেবারে চুলার ভেতর। শরীর ও মুখ চুলার বাইরে থাকায় রক্ষা পেয়েছিল সে। কিন্তু পুরোপুরি ঝলসে গিয়েছিল তার দুই হাত। আগুনে পুড়ে হাতের আঙুলগুলো একসঙ্গে জোড়া লেগে গিয়েছিল। নগরের হালিশহরের নারচার হাসপাতালে আমেরিকান চিকিৎসকেরা পূজার দুই হাতে অস্ত্রোপচার করেছেন। সময় লাগলেও পূজা সেরে উঠবে বলে জানিয়েছেন তাঁরা। কেবল পূজা নয়, জোড়া আঙুল, হাত-পা, ঠোঁট ও তালুকাটার সমস্যা নিয়ে দেশের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১১০ জন শিশুকে অস্ত্রোপচার করেছেন মার্কিন চিকিৎসক দল। ক্যালিফোর্নিয়ার রোটাপ্লাস্ট মিশনের হয়ে এ দেশে এসেছেন তাঁরা। এ কর্মযজ্ঞের শুরু ১৮ মে শেষ হবে কাল, ২৭ মে। ২৪ মে হালিশহরের নারচার হাসপাতালে ঢুকতেই দেখা গেল, হাসপাতালের সভাপতি নাসরিন বাকী ঠোঁট ও তালুকাটা এক শিশুকে কোলে নিয়ে শান্ত করতে ব্যস্ত। একজন মার্কিন চিকিৎসককে দেখে বলেন, ‘আমার এখন অনেক শিশু, খুব ভালো লাগছে।’ জন্মগত ঠোঁট ও তালুকাটা শিশু রোগীদের জন্য এ হাসপাতালে সম্পূর্ণ বিনা মূল্যে পরিচালিত হচ্ছে প্লাস্টিক সার্জারি ক্যাম্প। সহযোগিতায় আছে রোটারি ক্লাব অব আগ্রাবাদ। চারতলা হাসপাতাল ভবনের সবখানেই কর্মব্যস্ততা। ২৬ সদস্যের মার্কিন চিকিৎসকদলের সবাই যে যাঁর কাজ নিয়ে ব্যস্ত। ঠোঁট ও তালুকাটা রোগীদের অস্ত্রোপচার কাজে অগ্রণী ভূমিকা রাখা অধ্যাপক পান্না লাল সাহা এসব কাজের তত্ত্বাবধান করছিলেন। তিনি জানান, ‘মার্কিনিদের একাগ্রতা ও নিষ্ঠার কোনো তুলনা হয় না। ভোর ছয়টায় তাঁরা হাসপাতালে আসেন, রাত ১১টায় ফেরেন।’ কথা হয় মার্কিন চিকিৎসক দলের প্রধান ও রোটাপ্লাস্টের প্রতিষ্ঠাতা এঞ্জেলো কাপুজির সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত দুই বছর ধরে রোটারি ক্লাব অব আগ্রাবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। বাংলাদেশে প্রায় তিন লাখ শিশুর ঠোঁট ও তালুকাটার সমস্যা আছে বলে আমরা জেনেছি। এ পর্যন্ত সফলভাবে প্রায় ৮০ শিশুকে অস্ত্রোপচার করেছি। এ মিশনে শতাধিক শিশুর মুখে হাসি ফোটানোর লক্ষ্য আমাদের।’ কাপুজি ও তাঁর দল দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে প্লাস্টিক সার্জারির ক্যাম্প করেছে। ভারত ও ভিয়েতনামেও তাঁদের ক্যাম্প হয়েছে। বাংলাদেশে জটিল রোগীর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় বেশি। তাই এ দেশে প্রতিবছর আসার ইচ্ছে তাঁর। মানুষের মুখে হাসি ফোটানোর ব্রত নিয়ে কাপুজি ঘুরছেন পৃথিবীময়।