
‘পূর্ণিমা এবং অমাবস্যার সময় গ্রামের বাড়িঘর, পথঘাট হাঁটু পানিতে তলিয়ে যায়। কারও বাড়িতে চুলাও জ্বলে না তখন। না খেয়েই থাকতে হয় পুরো দিন।’
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর গ্রামের বাসিন্দা মো. হারুনের মুখ থেকে শোনা গেল এই বিবরণ। উপকুলীয় এই গ্রামের কয়েক শ পরিবার এমন দুর্ভোগকে সঙ্গী করে বেঁচে আছেন। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্রতি পূর্ণিমা ও অমাবস্যার সময় গ্রামটি প্লাবিত করে। তলিয়ে যায় রাস্তা, ফসলি জমি, ঘরবাড়ি ও বিদ্যালয়। লোনা পানি প্রবেশ করায় ক্ষতি হচ্ছে ফসলের।
কেবল আকিলপুর নয় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল, নুনাবিল, কুমিরার জমাদারপাড়া, মাঝামাঝিপাড়া, জেলেপাড়া, সোনাইছড়ির ঘোড়ামরা ও বাংলাবাজার এলাকার বিভিন্ন গ্রামে আমবস্যা ও পূর্ণিমার সময় জোয়ারের পানি ঢুকছে। উপজেলার বেড়িবাঁধের অন্তত তিন কিলোমিটার ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। ফলে এসব এলাকার তিন হাজার পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছে। এলাকার জনপ্রতিনিধিরা জানান, বার বার পানি উন্নয়ন বোর্ডের কাছে ধরনা দিয়েও লাভ হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ২৬ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বাঁশবাড়িয়া ইউনিয়ন অংশে অন্তত দুই কিলোমিটার ভেঙে গেছে প্রায় চার বছর আগে। যার কারণে পাঁচটি গ্রাম অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের পানিতে ডুবে যায়।
এদিকে কুমিরা ইউনিয়নের ঘাটঘর জেলেপাড়া থেকে সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা পর্যন্ত আরও এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ এলাকায় অবস্থিত জাহাজভাঙার ইয়ার্ডগুলোর ভারী লোহার কারণে বেড়িবাঁধ ভেঙেছে।
এদিকে, উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জোয়ারের লোনা পানির কারণে উপকূলের ৩০০ হেক্টর ফসলি জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার কৃষকেরাও।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকা পেলে বেড়িবাঁধ সংস্কার হবে। আশা করি এবার টাকা ছাড় করা হবে। বর্ষার শেষে কাজ শুরু করতে পারব।’
বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য নানা জায়গায় ধরনা দিয়েছি। সর্বশেষ স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাসেমের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি পানিসম্পদমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।’