অমিত-বিক্রম এবার পশ্চিমবঙ্গে?

চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার নির্বাচনে উত্তর প্রদেশ এবং গুজরাটে মোদি-ম্যাজিকের কারিগর ছিলেন বিজেপির নেতা ও মোদির ঘনিষ্ঠ অমিত শাহ। এই দুই রাজ্যে মোদি-ম্যাজিক দেখিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা দেশবাসীকে।
জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৭১টি আসনে জিতিয়ে এনেছিলেন বিজেপিকে। আর গুজরাটে ২৬টি আসনের মধ্যে ২৬টিতেই জয় এনেছিলেন। এই দুটি রাজ্য ছাড়া দিল্লি, গোয়া, রাজস্থান, হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ড রাজ্যের সব কটি আসনে জয়ী হয় বিজেপি। মোদির নির্বাচনের সেই কারিগরকে অবশেষে মোদি বসান বিজেপির সভাপতি পদে। অমিত শাহ হয়ে যান দলের সর্বেসর্বা।
সেই অমিত শাহ গত রোববার কলকাতায় আসেন পশ্চিমবঙ্গের বিধানসভার দুটি শূন্য আসনের উপনির্বাচনে প্রচারের জন্য। ১৩ সেপ্টেম্বর কলকাতার চৌরঙ্গী ও বসিরহাট দক্ষিণ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুটি আসনেই লড়ছে বিজেপি।
কলকাতার বউবাজার মোড়ে বিজেপি আয়োজিত রোববারের নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে অমিত শাহ রীতিমতো হুংকার দিয়ে বলেন, আবার আসছে পরিবর্তন। পরিবর্তন আসছে পশ্চিমবঙ্গে। ক্ষমতা হারাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে সিঙ্গুরের পথ ধরে পশ্চিমবঙ্গে পরিবর্তন এসেছিল। মমতা এসেছিলেন ক্ষমতায়। এবার পরিবর্তন আসবে সারদাকাণ্ডের পথ ধরে। ক্ষমতায় আসার পথ খুলে যাবে বিজেপির। তিনি আরও বলেন, মমতা ক্ষমতায় আসার পর এই রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ বেড়েছে পাঁচ গুণ। এই অনুপ্রবেশকারীরা কাজ পাচ্ছে। আর কাজ পাচ্ছে না এখানকার লোকজন।
সারদা কেলেঙ্কারি নিয়ে এই মুহূর্তে জেরবার হচ্ছে তৃণমূল কংগ্রেস। সারদাকাণ্ড তদন্তের ভার সিবিআইয়ের হাতে চলে যাওয়ায় এখন নিত্যনতুনভাবে বেরিয়ে আসছে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত শাসক তৃণমূলের বেশ কিছু নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কের নাম। আর এতে দারুণ অস্বস্তিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা নিজেও। সারদাকাণ্ড যে অদূরভবিষ্যতে বিশাল প্রভাব ফেলতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তা এখন ভালোভাবেই আঁচ করতে পারছেন তৃণমূলের শীর্ষ নেতারা। তা ছাড়া ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বরাবরই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। ফলে, সিবিআই যে এবার এই সারদাকাণ্ড নিয়ে রাজনৈতিক ময়দানে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে, সেটি প্রশ্নাতীত। আর এসব ভেবেই মমতাকে ঘায়েল করার জন্য অমিত শাহ ফের মোদি-ম্যাজিককে হাতে তুলে নিয়েছেন।
তাই তো জোরের সঙ্গে অমিত শাহ ইঙ্গিত দিয়েছেন, মমতা সরকারের পতন হবে আগামী ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। আর এই পতনের পেছনে থাকবে সারদা কেলেঙ্কারি। যেমনটা ৩৪ বছরের বাম শাসনের পতনের কারণ ছিল সিঙ্গুর আর নন্দীগ্রাম।
কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার যে খোয়াব দেখাচ্ছেন অমিত শাহ, তা কি সম্ভব হবে? এ প্রশ্নই এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘুরে-ফিরে আসছে। বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গে কোনো দিনই বিজেপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী ছিল না। মমতার হাত ধরে তাদের সঙ্গে ঐক্য করে বিজেপির এই রাজ্যে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তাতে ভালো ফল করতে পারেনি। ৪২টি লোকসভা আসনের মধ্যে দুটি আসনে জিতেছে বিজেপি। আর রাজ্য বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে বিজেপির একটি আসনও নেই। তবে বিজেপির আশার কথা, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪ শতাংশ ভোট। এবার লোকসভা নির্বাচনে মোদি-হাওয়ায় সেই ভোট এক লাফে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৭ শতাংশে। শুধু তা-ই নয়, এই ৪২ আসনের মধ্যে বিজেপির দুই প্রার্থী চার লাখের ওপর, দুই প্রার্থী তিন লাখের ওপর, ১৯ প্রার্থী দুই লাখের ওপর, ১১ প্রার্থী এক লাখের ওপর ভোট পেয়েছেন। আর এক লাখের নিচে ভোট পেয়েছেন মাত্র আটজন প্রার্থী। এ ছাড়া রাজ্যের বেশ কয়েকটি পৌরসভায় লোকসভার ভোটের নিরিখে বিজেপি শীর্ষস্থান অধিকার করেছে।
এবার লোকসভা নির্বাচনে বিজেপির এই উত্থানকে অস্ত্র করে এগোতে শুরু করেছে বিজেপি। দলটির লক্ষ্য ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভ করা। কারণ, মমতার জনপ্রিয়তায় এখন ভাটার টান শুরু হয়েছে। মমতার দলের, বাম দলের এবং কংগ্রেসের অনেকেই ইতিমধ্যে ঠাঁই নিয়েছেন বিজেপিতে। বিজেপি অঙ্ক কষেই বুঝে নিয়েছে, এবার তাদের ডাকছে পশ্চিমবঙ্গ। এটাও ঠিক, সংখ্যালঘুদের ভোট এবার আট এককভাবে পাচ্ছে না তৃণমূল। বিজেপির বাক্সেও যাবে কিছু সংখ্যালঘু ভোট। এ কারণে ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য নতুন পথ খুলে যেতেও পারে।