ফুলবাড়িয়া মহিলা হোস্টেলের এই ছোট ঘরটায় দুটো জানালা রয়েছে, একটি পুবে আর একটি দক্ষিণ দিকে। মজার ব্যাপার হলো, পুবেরটা সব সময় খোলা হলেও দক্ষিণেরটা কখনো খোলা হয় না। কিন্তু আমি আজ খুলেছি। ম্যানেজার কাকু বলেন, এ দিকটায় যে ঘন জঙ্গলটা রয়েছে, সেখানে নাকি কয় বছর আগে হারিয়ে গিয়েছিল একটি মেয়ে—এই হোস্টেলেরই। তা-ও আবার মেয়েটি থাকত আমরা যে রুমে থাকি, সেখানেই। আমরা বলতে আমি আর মুন আপু, যথাক্রমে প্রথম ও তৃতীয় বর্ষের ছাত্রী। ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম, দুপুরে এসে পৌঁছেছি হোস্টেলে। বিকেলে আপুর সঙ্গে ফোনে যোগাযোগ করলাম, বললেন ভোরের দিকে এসে পৌঁছাবেন। শুনে খুশি হলাম, যাক, একা থেকে ভয় পেতে হবে না! এখন রাত প্রায় সাড়ে আটটার মতো বাজছে, ঘরের দরজাটা সেই সন্ধ্যা থেকে ভেজানো, লাগাতে যেতে ইচ্ছে করছে না, দক্ষিণের এ জানালায় দাঁড়িয়ে আজ অন্য এক অনুভূতি হচ্ছে, চাঁদের ক্ষীণ আলোয় মৃদু হাওয়া বইছে, বেশ তো লাগছে। রুমের বাতিটা কিছুক্ষণ আগে নিভিয়ে দিয়েছি, সে জন্যই বোধ হয় অনুভূতিটা অন্য রকম হচ্ছে। মৃদু এ হাওয়ার ছোঁয়ায় বেশ ঘুম ঘুম লাগছিল যেন, কিন্তু ছন্দপতন ঘটল পায়ের কাছে কিসের একটা স্পর্শ পেয়ে, কাগজ একটা, ছোট্ট, কী যেন লেখা তাতে, খুলেই দেখি, ওমা, এ কী? লেখা রয়েছে ‘কেমন আছো?’ আশ্চর্য! এমন সময় এ ছোট্ট চিরকুটটা কে পাঠাল? নিশ্চয়ই কোনো পাজি ছেলের কাজ। কিন্তু...খানিকটা চিন্তায় পড়লাম। এই তিনতলার ওপর, তা ছাড়া জঙ্গলের এপাশ দিয়ে কোনো ছেলে কীভাবে আসবে। এটা সম্ভব নয়। তো? না না, ভাবতে হবে, কার কাজ হতে পারে এটা? নাকি কোনো জিন-ভূতের কাজ? ওই মেয়েটাই কী মরে ভূত হয়ে গেল নাকি? ওরে বাপরে, না না, আমি এসব কী ভাবছি। দূর ছাই। কি না কি চিরকুট, এটার জন্য এমন ভয় পেলে চলে! কিন্তু এমন গরম গরম লাগছে কেন হঠাৎ, কাঁধের বাঁ পাশটায়, হ্যাঁ তাই তো, উষ্ণ কিসের ছোঁয়া মনে হচ্ছে। উফ্, রুমের লাইটটাও তো অফ করা। মাগো, এ কিসের মাঝে পড়লাম। ও কী, অমন নড়ছি কেন আমি! বেশ জোরেই, আমি তো ইচ্ছে করে নড়ছি না। তবে? তবে কি সত্যি সত্যি ওই মেয়েটাই...না না, আর ভাবতে পারছি না, এ কী করে হয়। সারা শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে, কেন এমন হচ্ছে। কী হলো, শব্দও তো বের হচ্ছে না গলা দিয়ে, কেউ তো গলা ধরে রাখেনি, তাহলে এমন মনে হচ্ছে কেন, এত চেষ্টা করছি তবুও কোনো শব্দ বের হচ্ছে না! ‘তুলি, এই তুলি, কী হয়েছে, এই, ‘ঠাস...। ও-মা, উফ্! ‘এই তোর কী হলো রে? অমন গোঁ গোঁ শব্দ করছিলি কেন, তা-ও আবার এই ভোরে জানালায় দাঁড়িয়ে, ঘুমাসনি নাকি?’ একনাগাড়ে বলা কথাগুলো শুনে চোখ মেলে দেখি, মুন আপু সামনে দাঁড়িয়ে। আমি আর কী বলব, নিজের কাছেই লজ্জিত, ওহ্, কী দুঃস্বপ্নই না দেখলাম! ভয় পেয়েছি খুব, ম্যানেজার কাকুর কথাগুলো মনে পড়ছে, আশ্চর্য, কেমন রহস্যময় যেন ব্যাপারটা। চিরকুটটা এখনো আমার হাতে! যদি স্বপ্নই দেখলাম, তাহলে এটা এখনো আমার হাতে কেন? আর যদি সত্যিই কাল রাতে এমন একটা কিছু ঘটে থাকে, তাহলে ওই মেয়েটা তো সত্যিই এসেছিল! গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। তাড়াতাড়ি জানালাটা বন্ধ করলাম। দেখি, মুন আপু তাঁর কাপড়গুলো আলনায় গুছিয়ে রাখছেন আর বলছেন, ‘জানিস, এবারের ঈদে...’ আমিও এসব ভয়ংকর নাকি রহস্যময় (কী বলব জানি না) ভাবনা ছেড়ে দিয়ে তাঁর কথার জবাবে হু-হ্যাঁ করে যাচ্ছি। ও-হ্যাঁ, চিরকুটটা ছিঁড়ে ফেলে দিয়েছি। বলা যায় না, ওটা থাকলে আবার যে কী হবে! শাওলীনচট্টগ্রাম