অযত্নে কক্সবাজারের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক
কক্সবাজার শহরের সার্কিট হাউস সড়কে (কেন্দ্রীয় শহীদ মিনারের দক্ষিণ পাশে) নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের বেহাল দশা যাচ্ছে। অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে ফলকের নানা অবকাঠামো। দিন-রাত সমানে কেন্দ্রের ভেতর চলে মাদকসেবীর আড্ডা। ফলকের চারদিকে ময়লা-আবর্জনা আর পরগাছায় ভরে গেছে। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আসার প্রায় দুবছরেও বাদ পড়া জেলার অন্যতম বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলকে না তোলায় অনেকে ক্ষুব্ধ।জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ শাহজাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, একাত্তরের মুক্তিসংগ্রামে নিহত বীর শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য এবং নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্য এ শহীদ স্মৃতিফলক নির্মাণ করা হলেও বর্তমানে এটি কোনো কাজে আসছে না। রক্ষণাবেক্ষণের অভাবে এটি একটি পরিত্যক্ত আস্তানায় পরিণত হয়েছে। ফলকে সাদা অক্ষরে লেখা শহীদদের নামগুলো মুছে গিয়ে পড়ার অনুপযোগী হয়ে পড়েছে। শহীদ স্মৃতিফলকটি সংস্কারে কারও উদ্যোগ নেই। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দেশের ৬৪ জেলা সদরে শহীদ মুক্তিযোদ্ধাদের নামসম্বলিত স্মৃতিফলক নির্মাণের প্রকল্প গ্রহণ করে। ওই প্রকল্পের আওতায় ২০০৬ সালে শহরের প্রাণকেন্দ্রে গণপূর্ত বিভাগের ১১ শতক জমিতে ১৫ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে কক্সবাজার শহীদ স্মৃতিফলক নির্মাণ করা হয়। গণপূর্ত বিভাগ নির্দিষ্ট সময়ে স্মৃতিফলক নির্মাণ করে ২০০৭ সালের ২২ মার্চ জেলা পরিষদের কাছে হস্তান্তর করে। নিয়ম অনুযায়ী স্মৃতিফলকটি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব জেলা পরিষদের। কিন্তু সেই থেকে এখন পর্যন্ত ফলকটি বেহাল দশায় পড়ে রয়েছে। দীর্ঘ সময়েও জেলা পরিষদ ফলকটি রক্ষার জন্য সীমানাপ্রাচীর তৈরি করতে পারেনি। গ্রহণ করেনি রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের এক কর্মকর্তা জানান, ফলকটি সংস্কার ও সীমানাপ্রাচীর নির্মাণে এখন পর্যন্ত তাদের কোনো উদ্যোগ নেই। বাদপড়া শহীদ মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তির ব্যাপারেও কেউ লিখিত অভিযোগ করেননি। তারপরও সরকার চাইলে যেকোনো মুহূর্তে ফলকটি পরিপূর্ণভাবে তৈরি করা যাবে। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সূত্র জানায়, স্মৃতিফলক নির্মাণের শুরুতেই নানা বিতর্কের জন্ম দেয়। ফলকে মুক্তিযোদ্ধা শব্দটি ভুল বানানে লেখা হয়। পরে এ বিষয়ে সংবাদপত্রে লেখালেখি হলে ঘষামাজা করে তা শুদ্ধ করা হয়। নামফলকে যে ১০ জন শহীদ মুক্তিযোদ্ধার নাম সংযুক্ত করা হয়েছে তার মধ্যে আটজন সেনা সদস্য। বাকি দুজন বেসামরিক মুক্তিযোদ্ধা। অথচ জেলার অনেক বীর মুক্তিযোদ্ধার নাম ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জোট সরকার ক্ষমতায় থাকাকালে নাম অন্তর্ভুক্তি নিয়ে নানা চেষ্টা চালানো হয়েছিল, এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার ক্ষমতায় আসার পরও চেষ্টা চলছে। কিন্তু বাদপড়া শহীদদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। স্মৃতিফলকে অসম্পূর্ণ শহীদ মুক্তিযোদ্ধার তালিকা সন্নিবেশ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার গণপূর্ত বিভাগের এক প্রকৌশলী জানান, ‘ফলকটি তৈরির সময় আমরা ছিলাম না। যতটুকু জানি, তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো নির্দেশনা অনুযায়ী ফলকটি তৈরি হয় এবং শহীদদের তালিকাও মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল।’কক্সবাজার অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী জানান, ইতিহাস বিকৃত করা ছিল বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের অন্যতম কুকীর্তি। পরিকল্পিতভাবে তখন স্মৃতিফলক থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া হয়েছিল। জেলার অন্যতম বীর মুক্তিযোদ্ধা জহর লাল পাল চৌধুরী জানান, ‘বর্তমান স্মৃতিফলটি নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শেখাচ্ছে। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাসে কক্সবাজারে শহীদ হিসেবে যাঁদের নাম সর্বাগ্রে, তাঁদের অনেকের নাম স্মৃতিফলকে নেই। মুক্তিযুদ্ধে শহীদ অ্যাডভোকেট জ্ঞানেন্দু চৌধুরী, শহীদ সুভাষ, শহীদ ফরহাদ, শহীদ সুবেদার জোনাব আলী, শহীদ মো. শরিফ চেয়ারম্যান, শহীদ এ টি এম জাফর আলমের নাম সবার মুখে মুখে। শহীদ সুভাষ ও ফরহাদের নামে পাবলিক লাইব্রেরির দুটি কক্ষের নামকরণে হয়েছে। অথচ এঁদের নামও ওই স্মৃতিফলকে স্থান পায়নি। আমরা এখন বাদপড়া মুক্তিযোদ্ধাদের নাম স্মৃতিফলকে অর্ন্তভুক্ত এবং সংস্কার করে পরিপূর্ণতা দিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। নয়তো নতুন প্রজন্ম ইতিহাসের ভুল শিক্ষা পাবে।’