অযান্ত্রিক
বৃদ্ধ লোকটি আমার সিটের ঠিক উল্টো দিকে বসে আছেন। মুখে তাঁর পান; ঠোঁটের কোনার লাল অংশ আর হাতে ধরা কৌটাটি অন্তত সেই ইঙ্গিত দিচ্ছে। পরম তৃপ্তি নিয়ে তাঁর পান চিবানোর দৃশ্য দেখে অতি পানবিদ্বেষী হওয়ার পরও এখন জিনিসটার স্বাদ চেখে দেখতে ইচ্ছা হলো। কিন্তু সেটা সম্ভব নয়। ল্যাপটপ কোলে নিয়ে স্যুটেড-বুটেড হয়ে বসে থাকা কেউ একজন পান চিবোচ্ছে, দৃশ্যটা অনেকের কাছে দেখার মতো চমকপ্রদ কিছু হবে (অন্তত আমার তা-ই মনে হয়)! সেই চমকপ্রদ দৃশ্যের খোরাক হওয়ার ইচ্ছে আমার নেই।‘কই যাইবেন?’ বৃদ্ধ লোকটি যে প্রশ্নটা আমাকেই করেছেন, তা বুঝতে কিছুটা সময় লাগল। কারণ, প্রশ্নটা করার সময় তিনি আমার দিকে তাকাননি। আমাকে অপমান করা হলো কি না সে সমীকরণের উপসংহারে পৌঁছানোর আগেই লোকটি তাঁর দ্বিতীয় প্রশ্নটা করলেন, ‘এই জিনিসটা কী?’ তাঁর ইঙ্গিত আমার ল্যাপটপের দিকে। ‘এটা ল্যাপটপ।’‘কী?’‘ল্যাপটপ... মানে কম্পিউটার।’তাঁর চোখ বড় হওয়া দেখে বুঝতে পারলাম, ২০১০ সালেও তিনি ল্যাপটপের সঙ্গে তেমন পরিচিত নন। ‘কম্পিউটার সাথে নিয়া ঘুরন যায়?’ তাঁর কণ্ঠে বিস্ময়। আমি আলাপচারিতা এগিয়ে নেওয়ার ব্যাপারে উদাসীন হলেও বৃদ্ধ লোকটির মতিগতি এর ঠিক উল্টোটাই মনে হচ্ছে।‘কই যাইবেন, বললেন না।’ এবার তাঁর পূর্ণদৃষ্টি আমার দিকে। ল্যাপটপটা কি আমার সম্মান বাড়িয়ে দিল?‘যাব শায়েস্তাগঞ্জ।’‘ওহ, আমিও তো শায়েস্তাগঞ্জ যাব। শায়েস্তাগঞ্জ কই থাকো?’ একই এলাকার ধরে নিয়ে মুরব্বির দায়িত্ব পালন করতেই হয়তো তিনি এবার আপনি থেকে তুমিতে নেমে এলেন।‘আমি আসলে শায়েস্তাগঞ্জ যাচ্ছি অফিশিয়াল কাজে।’‘ও আইচ্ছা। তা এই “অফিশিয়াল”-এর হ্যাড অফিস কি ঢাকায়?’এবার আমার বেশ উঁচু মাপের ভিরমি খাওয়ার পালা। ‘অফিশিয়াল’ শব্দটাকে বৃদ্ধ আমার কোম্পানির নাম ধরে নিয়েছেন। আমি তাড়াতাড়ি শুধরে দিই, ‘আমি জেড ফোনে কাজ করি।’‘ও আচ্ছা। জেড ফোন তো আমি নিজেও ব্যবহার করি...আইচ্ছা বলো তো, আমার ঘরের ভেতরে তোমাদের নেট থাকে না কেন? তোমরা বলো তোমাদের নেটওয়ার্ক সেরা, তাইলে কেন এমন হয়!’ আমি জেড ফোনের একজন মার্কেটিং ম্যানেজার। নেটওয়ার্কিং আমার আওতার মধ্যে নেই, সেটা তাঁকে বোঝাতে যাওয়া বোকামি হবে ভেবে চুপ করে থাকলাম।ট্রেন একটা স্টেশনে এসে থামল। কোথাও কোনো সাইনবোর্ড দেখছি না বলে বুঝতে পারছি না, এটা কোন জায়গা। বৃদ্ধ লোকটি স্টেশনে নেমে গেলেন। এটাই শায়েস্তাগঞ্জ কি না ভেবে যখন অস্থির হচ্ছি, ঠিক তখনই বৃদ্ধ ফিরে এলেন হাতে এক তাড়ি কলা আর একটা রুটির প্যাকেট নিয়ে।‘বুচছো, ডিজিটাল বাংলাদেশে আছি। তাই কলাও ডিজিটাল হইয়া গেছে। কীভাবে যেন তাড়াতাড়ি পাকায়া ফেলে। খাইয়া স্বাদ নাই।’ বলতে বলতে তিনি একটা কলা আর দুই পিস রুটি আমার দিকে এগিয়ে দিলেন। ধরেই নিয়েছেন, আমি সেটা কৃতজ্ঞচিত্তে গ্রহণ করব এবং আমি করলামও তাই! এরই মধ্যে ক্ষুধা পেটে মোচড় দিচ্ছে। আজ নাকি ট্রেনের সঙ্গে খাবার গাড়ি আসেনি। অজানা স্টেশনে হুট করে নেমে গিয়ে খাবার নিয়ে আসতে ভরসা পাচ্ছিলাম না।‘শায়েস্তাগঞ্জে থাকবা কই? আমার বাড়িতে চলো...’বৃদ্ধ লোকটি ইতিমধ্যে তাঁর সরল কথাবার্তা ও কাজ দিয়ে অবাক করেছেন। এবার রীতিমতো ধাক্কা দিয়ে দিলেন। আমাকে তিনি জানলেন এই ট্রেনে বসে। সেটা আর কতটুকু জানা? এরই মধ্যে থাকার জন্য তাঁর বাসায় নিমন্ত্রণ! আমি তার নিমন্ত্রণ সবিনয়ে ফিরিয়ে দিয়ে জানালাম যে অফিস থেকে আমার থাকার ব্যবস্থা করাই আছে। সমস্যা হবে না। এতে তিনি ক্ষান্ত দিলেন।ট্রেন এবার বেশ দ্রুত ছুটছে। মনে হয় মূল গন্তব্যের টানে তাড়িত হয়েই। বৃদ্ধ সমানে আমার সঙ্গে এটা-ওটা নিয়ে কথা বলেন। মানুষের নীতিহীনতার হাজারো উদাহরণ দিয়ে পুনরায় আসলেন ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রসঙ্গে।‘আচ্ছা, বলো তো (হয়তো লক্ষ করেছেন, তিনি আমাকে বেশ আগেই ‘তুমি’ ডাকা শুরু করেছেন) এই ডিজিটাল বাংলাদেশ দিয়া কী হইব? আমরা খাইতে পাব?’ এ কথা বলে তাঁর মাথাটা আমার দিকে আরেকটু এগিয়ে নিয়ে এসে ফিসফিস করে বললেন, ‘আসলে ডিজিটাল বাংলাদেশ যে কী সেটা এখনো বুঝি নাই! কিন্তু সেটা তো আর এই ডিজিটাল বাংলাদেশের যুগে বলা যাইব না...ঠিক কইলাম?’ বলে তিনি হাসতে থাকেন। পান খাওয়া বেশকিছু দাঁতহীন মুখের সরল হাসি দেখে আমারও হাসি পেয়ে গেল। আমিও তাঁর সঙ্গে হাসতে থাকি। আমি হাসছি তাঁর হাসি দেখে, আর তিনি হাসছেন কিছু একটা বলে আমাকে হাসাতে পেরেছেন ভেবে।আমি তাকে ডিজিটাল বাংলাদেশের সংজ্ঞাটা দিই এভাবে, ‘ধরুন, আপনি এখন দেশের বাইরে কাউকে চিঠি পাঠাতে চান। আপনি কী করবেন? হাতে একটা চিঠি লিখে তা পোস্ট অফিসে পোস্ট করবেন। সেটা আট-দশ দিনের মাথায় বিদেশে গিয়ে পৌঁছাবে। সেটা না করে যদি আপনি এখানে বসে নিমেষেই সেই কাজটি করে ফেলতে পারেন?’‘সেইটা কেমনে সম্ভব!’ তাঁর দৃষ্টিতে বিস্ময়।‘সেটা এই ডিজিটাল বাংলাদেশ হলেই সম্ভব। এই, যেমন ধরুন, আমার কোলে আছে ল্যাপটপ, মানে কম্পিউটার। আর এটা হচ্ছে (ইন্টারনেট মডেম দেখিয়ে) একটা মডেম। এখন আমি এটা (মডেম) এই ল্যাপটপে লাগিয়ে সেই চিঠি প্রদানের কাজটি এখনই করে ফেলতে পারি। এমনকি কয়েক সেকেন্ডের মধ্যে। আবার ধরুন, আমার এখন বেশ টাকার দরকার। কিন্তু সঙ্গে টাকা নেই, সে ক্ষেত্রে আমি এটা (ক্রেডিট কার্ড) ব্যবহার করে মেশিন থেকে টাকা তুলতে পারব। এ রকম যন্ত্রনির্ভর কাজ যত আমাদের দেশে সহজলভ্য হবে, ততই দেশ ডিজিটাল হবে।’বৃদ্ধের চোখ এবার যত দূর সম্ভব প্রসারিত হয়ে গেল। তাঁর মুখ হাঁ করা। তিনি তোতলাতে তোতলাতে বললেন, ‘চিঠি ওইটা (ল্যাপটপ) দিয়ে চলে যাবে সেকেন্ডে! আর এইটা (ক্রেডিট কার্ড) দিয়ে টাকা তুলবা মেশিন থাইকা? মেশিনে টাকা রাখতে হয় না?’‘ব্যাংকে অ্যাকাউন্ট খুলে কোনো এক সময় গিয়ে টাকা রাখলেই চলে।’ আমি বৃদ্ধকে ভড়কে দিয়ে বেশ মজা পাচ্ছি। এ যুগেও কেউ এমন হয়! আমার কথা শুনে তিনি মনে হয় একটা বিশেষ কিছু ভাবলেন। তারপর বললেন, ‘এই কম্পিউটারের দাম কত? আর এই জিনিসটার (মডেম)?’‘ল্যাপটপ বিভিন্ন দামের আছে। আমারটা ৫২ হাজার টাকা। আর মডেম চার হাজার।’বৃদ্ধ বেশ চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, ‘ভালো কথা, এইটা দিয়া সেকেন্ডে চিঠি পাঠানো যায়। কিন্তু সেটা করতে গিয়া যে আমার ৫৬ হাজার টাকা খরচ করা লাগব হেই টাকা কে দিব? আর আপনার ওই কার্ড দিয়া টাকা তোলার কথা কইলেন, কিন্তু টাকা তোলার আগে যে ব্যাংকে টাকা রাখতে হইব সেই টাকা আমি পামু কই?’আমি সাড়ে ছয় বছর ধরে মোবাইল ফোন কোম্পানিতে নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালন করে আসছি, কিন্তু আজকের মতো ‘কিংকর্তব্যবিমূঢ়’ কখনোই হইনি। আমি কোনো উত্তর না দিয়ে ল্যাপটপ নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ি।সৈয়দ হোসেন[email protected]