অরক্ষিত আনোয়ারা উপকূল
আনোয়ারা উপকূলের অর্ধলক্ষাধিক মানুষ এখনো অরক্ষিত। প্রতিবছর সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও বেড়িবাঁধের যথাযথ সংস্কার না হওয়ায় উপকূলবাসীকে বর্ষায় আতঙ্কে থাকতে হয়। উপকূলীয় রায়পুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এখনো ভাঙা বেড়িবাঁধ মেরামত করা হয়নি।সরেজমিনে দেখা যায়, রায়পুর ইউনিয়নে গত বর্ষায় ভেঙে যাওয়া বাঁধের মেরামত এখনো শেষ হয়নি। বিভিন্ন স্থানে মাটি কেটে যেসব বাঁধ দেওয়া হয়েছে সেগুলো জোয়ারের পানির ধাক্কায় যে কোনো সময় তলিয়ে যেতে পারে। বিশেষ করে পূর্ব গহিরা-ফকিরহাট, দক্ষিণ সরেঙ্গা, ঘাটকূল ও বার আউলিয়া এলাকার বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। ফলে আগামী বর্ষায় জলোচ্ছ্বাসের আতঙ্কে আছে এখানকার বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত দুই বছরে শুধুমাত্র রায়পুরেই ২০ কোটি টাকার উপরে বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে। আর বাস্তবায়নাধীন রয়েছে আরও ১৩ কোটি টাকার কয়েকটি প্রকল্প। কিন্তু এত টাকা ব্যয়ের পরও শেষ হচ্ছে না রায়পুরবাসীর কষ্ট। প্রকল্পের কাজ নিয়েও সন্তুষ্ট নয় এলাকাবাসী। তাঁদের অভিযোগ, সরকার যে টাকা দিয়েছে তার সঠিক ব্যবহার না করায় রায়পুরের সমস্যা কাটছে না। এদিকে, পুরো রায়পুর জুড়ে স্থানীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর নামে গত দুই বছরে রায়পুরে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের ফিরিস্তি তুলে ধরে পোস্টার সাঁটানো হয়েছে। ফকিরহাট এলাকার আবু জাফর বলেন, ‘৯১-এ পরিবারের সাতজনকে হারানোর পরেও বিভিন্ন বছর ভাঙনে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখনও শান্তি পাচ্ছি না। আমাদের কষ্টের শেষ হচ্ছে না।’রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সৈয়দ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রায়পুরকে রক্ষা করতে হলে পুরো এলাকার চারদিকে ব্লক দিতে হবে, নইলে এ ইউনিয়নকে রক্ষা করা সম্ভব হবে না।’ রায়পুরের পার্শ্ববর্তী জুঁইদণ্ডীর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক হোসাইনী অভিযোগ করেন, ‘প্রতি বছর বেড়িবাঁধ নির্মাণের নামে উপকূলে হরির লুট চলছে। এলাকাবাসীকে বাঁচাতে স্থায়ী ব্যবস্থা নিতে হবে।’ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান প্রকল্প কাজে অনিয়মের কথা অস্বীকার করে বলেন, ‘রায়পুরের ব্যাপক উন্নয়নে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এগুলো শেষ হলে আর কষ্ট পেতে হবে না এখানকার বাসিন্দাদের।’খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে সরকারি হিসাব মতে আনোয়ারায় মারা যায় ১৭ হাজার মানুষ। তবে স্থানীয়দের মতে এ সংখ্যা কমপক্ষে ২৫ হাজার। তাদের প্রায় সবাই রায়পুর ও জুঁইদণ্ডীর। তা ছাড়া গবাদিপশু, বাড়ি-ঘর, দোকানপাট, মসজিদ-মাদ্রাসা ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়। আর সে ঘূর্ণিঝড়ের পরে প্রতিবছরই বর্ষায় ভাঙনের কবলে পড়ে রায়পুরবাসী। এখানে বসবাস করছে সাড়ে ছয় হাজার পরিবার।