অরক্ষিত ছেঁড়াদ্বীপের সীমানা-খুঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে অবস্থিত প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের আরেক বিচ্ছিন্ন দ্বীপ ‘ছেঁড়াদ্বীপ’-এর শেষপ্রান্তে স্থাপিত দেশের সর্বশেষ সীমানা-খুঁটিটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তান আমলে তৈরি ওই খুঁটির নিচ থেকে মাটি সরে পড়ছে। সামান্য ঝড়ে এটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে।সম্প্রতি ছেঁড়াদ্বীপ পরিদর্শন করে দেখা গেছে, জোয়ারের সময় পানির উচ্চতা বাড়লে খুঁটির চার-পাঁচ ফুট অংশ পানিতে ডুবে যায়। ভাটার সময় পানি নেমে গেলে খুঁটির তলা থেকে মাটি সরে যাওয়ার বিষয়টি চোখে পড়ে। এ সময় পর্যটকদের মারাত্মক ঝুঁকি নিয়ে খুঁটির নিচের অবস্থা নিয়ে ছবি তুলতে দেখা যায়। দ্বীপে স্থায়ী লোকবসতি না থাকায় খুঁটিটির রক্ষণাবেক্ষণ নিয়েও কেউ মাথা ঘামান না। ছেঁড়াদ্বীপে সেন্ট মার্টিনের জেলে আবদুল আমিন (৫৪) জানান, গভীর সাগরের এক শ কিলোমিটার দূর থেকেও এই সীমানা-খুঁটি দেখা যায়। মাছ ধরতে যাওয়া জেলেরা এ খুঁটি চিহ্নিত করে গভীর সাগর থেকে সেন্ট মার্টিন পৌঁছান। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, পাকিস্তান আমলে তৈরি বাংলাদেশের সর্বশেষ সীমানা-খুঁটিটি আন্তর্জাতিক ও সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আগে ছেঁড়াদ্বীপে অল্পসংখ্যক পর্যটকের যাতায়াত ছিল। এখন প্রতিদিন শত শত পর্যটক সেখানে যাচ্ছেন। তাঁরা দেশের সর্বশেষ সীমানা-খুঁটির বেহাল দশা দেখে হতাশা প্রকাশ করেছেন। খুঁটিটির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য অর্থসহায়তা চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হবে বলে তিনি জানান।