অরক্ষিত দীঘিনালার হর্টিকালচার সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হর্টিকালচার হলো বেষ্টনীর মধ্যে চাষাবাদ। আর আমাদের হর্টিকালচার সেন্টারের বেষ্টনীই নেই। সন্ধ্যায় বসে বখাটেদের আড্ডা। বরাদ্দ না থাকায় ফলের বাগানে চাষাবাদ বন্ধ রয়েছে। মরে যাচ্ছে গাছপালা। চুরি হচ্ছে সেন্টারের যন্ত্রপাতি।

ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন খাগড়াছড়ির দীঘিনালা হর্টিকালচার সেন্টারের উপসহকারী কৃষি কর্মকর্তা কৃতি চাকমা। জানা গেছে, সরকারি বরাদ্দ না থাকায় আট একর জায়গার ওপর গড়ে ওঠা এই হর্টিকালচার সেন্টারটির কার্যক্রম দুই বছর যাবৎ বন্ধ রয়েছে। এ বছর কেন্দ্রটি থেকে আয় হয়েছে মাত্র চার হাজার ৯০০ টাকা। অথচ কর্মরত আটজন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার পেছনে বছরে খরচ হয় এক লাখ টাকা। অরক্ষিত এই কৃষি কেন্দ্রের ২৫টির মতো নারকেলগাছ মরে গেছে, গাছ চোরেরা কেটে নিয়ে গেছে অর্ধশতাধিক সেগুন গাছ।

এই কেন্দ্রের কর্মকর্তারা জানান, বরাদ্দের অভাবে কেন্দ্রের জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। এ কারণে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। কেন্দ্রের পানির পাম্পটিও চুরি হয়ে গেছে। নতুন চারা উত্তোলনও বন্ধ রয়েছে। একসময় বাণিজ্যিকভাবে এই কেন্দ্রে ফুল, ফল ও গাছের চারা বিক্রি হলেও এখন তা বন্ধ রয়েছে।

সম্প্রতি হর্টিকালচার সেন্টারে গিয়ে দেখা যায়, সামনে ও পাশের কিছু অংশে সীমানা দেয়াল থাকলেও এখানকার অধিকাংশ এলাকা অরক্ষিত। চারা উৎপাদন ঘরে গিয়ে দেখা যায় ঘরটি খালি পড়ে আছে। কেন্দ্রের তিনটি পুকুর শুকিয়ে গেছে। গাড়ির গ্যারেজে তালাবদ্ধ অবস্থায় দুটি পাওয়ার টিলার ও একটি ট্রলি পড়ে থেকে নষ্ট হচ্ছে। মরে গেছে নানা জাতের ফলের গাছ।

হর্টিকালচার সেন্টারে বর্তমানে একজন নার্সারি তত্ত্বাবধায়ক, একজন উপসহকারী কৃষি কর্মকর্তা, একজন পাওয়ার টিলার চালক, চারজন গার্ডেনার ও একজন প্রহরী কর্মরত আছেন। পদ শূন্য আছে একজন প্রহরী ও একজন গার্ডেনারের। কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার পেছনে মাসে খরচ হয় এক লাখ দুই হাজার টাকা। অথচ বছরে আয় হয় মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার মতো। ২০১২-২০১৩ অর্থবছরে আয় হয়েছে ২৩ হাজার টাকা।

উপসহকারী কৃষি কর্মকর্তা কৃতি চাকমা বলেন, ‘আমাদের কোনো কাজ নেই। অনেকেই গাছের চারা কিনতে আসেন এখানে। তখন খুব বিব্রত হই। সরকারি বরাদ্দ না থাকায় কিছু করতে পারছি না। আমাদের বেতন-ভাতা তুলতেও ভোগান্তি পোহাতে হয়। বেতন তুলতে জেলা সদরে বারবার যেতে হয়।’

স্থানীয় বাসিন্দা জীবন চৌধুরী বলেন, একসময় দীঘিনালা হর্টিকালচার সেন্টারটি পার্কের মতো ছিল। অনেকেই বিকেলে ভ্রমণে আসতেন। জায়গাটি
ফুল ও ফলে ভরপুর ছিল। এলাকার লোকজন এখান থেকে ফল ও গাছের চারাও কিনতেন। কিন্তু এখন সবই স্মৃতি।

হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধায়ক মো. শাহজাহান আলী বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর। তার আগে থেকেই এই কেন্দ্রে দুরবস্থা চলছে। বরাদ্দ না থাকায় আমরাও কোনো কাজ করতে পারছি না। পুরো এলাকা অরক্ষিত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষও অবগত আছে।’