অরক্ষিত পটিয়া শহীদ মিনার
পটিয়া শহীদ মিনার কিছু ব্যবসায়ীর গুদামঘর হিসেবে ব্যবহূত হচ্ছে। সব সময় সেখানে বাঁশ, গাছ ও ইটের স্তূপ দেখা যায়। রাতের বেলা বখাটে ছেলেরা দেয়াল টপকে ভেতরে ঢুকে আড্ডা দেয়। এ ছাড়া ১০ বছর আগে পৌরসভার অর্থায়নে মাস্টারদা সূর্য সেন, মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদ, মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী—এই তিন মনীষীর স্মৃতি রক্ষার্থে খোলা জায়গায় যে ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল, তাতেও বখাটে ছেলেদের আড্ডা চলে; গরু, ছাগল চরে। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৬৬ সালে পটিয়ার প্রথম শহীদ মিনারটি পটিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত হলেও পটিয়া আদালত সড়কে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুদ্দিন আহমদ বলেন, ‘আমি তখন ছাত্রলীগের নেতা। সে সময় বিভিন্ন এলাকা থেকে লোহা, সিমেন্ট ও মুক্তিযোদ্ধাদের মিলিশিয়া ক্যাম্প থেকে প্রতি মাসে দুই টাকা করে চাঁদা তুলে তিনটি স্তম্ভ দিয়ে প্রথম শহীদ মিনারটি স্থাপন করি।’ওই বছর ছাব্বিশে মার্চ তৎ কালীন কেন্দ্রীয় চার ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী, আ স ম আবদুর রব, আবদুল কুদ্দুস মাখন ও শাজাহান সিরাজ এ শহীদ মিনার উদ্বোধন করেন। তখন সেই শহীদ মিনারটি ছিল নামে মাত্র। কোনো সীমানাপ্রাচীর ছিল না। রাত-দিন ছিল বখাটে ছেলেদের আড্ডা, চারদিকে মলমূত্রে ভরা শহীদ মিনারটি ছিল অযত্ন-অবহেলায়। কোনো জাতীয় দিবস আসলে তখন পরিষ্কার করে রাজনৈতিক দলের নেতা ও প্রশাসন পুষ্পার্ঘ্য নিবেদন করতেন। পরে ১৯৯৭ সালে পৌরসভার অর্থায়নে পুরোনো শহীদ মিনারটি ভেঙে একই স্থানে নকশাবিদ সুভাষ চক্রবর্তীর নকশায় শৈল্পিক পরিবর্তন করে তিনটি স্তম্ভের পেছনে লাল বৃত্ত দিয়ে বর্তমান শহীদ মিনারটি স্থাপন করা হয়েছে। তা দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু পৌর কর্তৃপক্ষ এ পবিত্র শহীদ মিনারটির যত্ন নেয় না। পটিয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অভিজিৎ বড়ুয়া বলেন, ‘শহীদ মিনার শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর স্থান নয়। পাশাপাশি আন্দোলন-সংগ্রামেরও স্থান এটি। কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য মঞ্চটাও বড় হওয়া দরকার। পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিটি ধাপ-ধাপ হওয়ায় বেদিতে কোনো নাটক, সাংস্কৃতিক কর্মকাণ্ড চালানোয় সমস্যা হয়ে যায়।’ পটিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কলিমুল্লাহ চৌধুরী পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেও শহীদ মিনার স্থাপনের দাবি জানান। তিনি বলেন, ‘পটিয়া সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, এএস রাহাত আলী উচ্চবিদ্যালয়, পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্সের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যন্ত কোনো শহীদ মিনার নেই।’ পৌরসভার নবনির্বাচিত মেয়র অধ্যাপক হারুণর রশিদ বলেন, ‘শহীদ মিনারের প্রতি মানুষের আস্থা, শ্রদ্ধা ও সম্মানবোধ যেন পরিপূর্ণভাবে প্রকাশ পায়, সেভাবে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য যা করা দরকার সেই ব্যবস্থা গ্রহণ করব।’