অরক্ষিত পাঁচ বধ্যভূমি, নেই স্মৃতিচিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছরেও কক্সবাজারের পাঁচটি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। স্থাপিত হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। অবহেলায় দখল হয়ে যাচ্ছে বধ্যভূমির অংশ।জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রমজান আলী বাহাদুর জানান, একাত্তরের ১২ মে পাকিস্তানি সেনারা শহরের সৈকতের বিশ্রামাগারে (বর্তমানে ১৭ ইসিবি ক্যাম্প) ঘাঁটি স্থাপন করে। সে সময় চিহ্নিত রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানিরা নারকীয় হত্যাযজ্ঞ চালায়। নারীদের ধর্ষণ ও নিরীহ লোকজনকে বর্বর কায়দায় নির্যাতনের পর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হতো। তারপর লাশগুলো ফেলা হতো মৃত্যুকূপে।জানা যায়, সৈকত বিশ্রামাগার ছাড়াও জেলার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (হাসপাতাল) পেছনে নাইট্যং পাহাড়ের পাদদেশে একটি এবং মহেশখালী আদিনাথ মন্দিরসংলগ্ন স্থানে তিনটি বধ্যভূমি রয়েছে। কিন্তু স্বাধীনতার ৪০ বছরেও এসব বধ্যভূমি সংরক্ষণ সম্ভব হয়নি। মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও সি-বিচ রেস্ট হাউসের বধ্যভূমিটি সংরক্ষণ করেনি। হানাদার বাহিনীর নৃশংসতা এবং বর্বরতার প্রধান সাক্ষী এই রেস্ট হাউসের পাতকুয়াটি, যাকে সবাই মৃত্যুকূপ বলে জানে, সেটি এখন সংরক্ষণ অথবা ওই জায়গায় একটি মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিচিহ্ন নির্মাণ সময়ের দাবি।মুক্তিযোদ্ধারা জানান, হত্যার পর বালি চাপা দিয়ে রাখা হতো মৃতদেহ। রাত পোহালেই দেখা যেত, ওই সব মৃতদেহ শেয়াল-কুকুর টানাটানি করছে। ১৭ ইসিবি ক্যাম্প স্থাপনের আগেও এখানে মানুষের মাথার খুলি ও হাড়ের সন্ধান মিলত। টেকনাফের প্রবীণ রাজনীতিবিদ আবদুল শুক্কুর জানান, টেকনাফের বধ্যভূমিটি ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের নাইট্যং পাহাড়ে। ওখানে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য নারী-পুরুষকে ধরে এনে হত্যা করা হতো। বর্তমানে এ বধ্যভূমিরও কোনো চিহ্ন নেই। জেলা সিপিবির সভাপতি দিলীপ দাশ জানান, মহেশখালীর আদিনাথ পাহাড়ের মইগ্গার ঘোনা, মহন্ত ঘোনা ও মোতঘোনায় পাকিস্তানি বাহিনী নারকীয় হত্যাকাণ্ড চালায়। এই তিন বধ্যভূমি এখন বেদখলে চলে যাচ্ছে।মুক্তিযোদ্ধা জহুর লাল পাল চৌধুরী, সুনীল বড়ুয়া, অনীল নাথ, আমির হামজা ও কালাসু বড়ুয়া আক্ষেপ করে বলেন, ‘মৃত্যুঝুঁকি নিয়ে আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু স্বাধীনতার ৪০ বছর পরও বধ্যভূমিগুলো সংরক্ষণ করতে পারিনি। উল্টো অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে।’জেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কক্সবাজার জেলার পাঁচটি বধ্যভূমি সংরক্ষণের পরিকল্পনা নিচ্ছে বর্তমান সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে গত অক্টোবরে ঢাকা থেকে একটি দল সরেজমিনে কক্সবাজার, জুলাইয়ে মহেশখালী এবং আগস্টে টেকনাফ বধ্যভূমির স্থানগুলো পরিদর্শন করে। আগামী বছরের ফেব্রুয়ারিতে এসব বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।