অরক্ষিত মহেশখালীর সংরক্ষিত বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সংরক্ষিত বনের অধিকাংশ এলাকাই বেদখল করে বসতি আর পানের বরজ গড়ে তোলা হয়েছে। যেটুকু বন অবশিষ্ট আছে, সেখানেও চলছে অবাধে গাছ কাটা। বেপরোয়া বনদস্যুরা গাছ পাচার করলেও প্রতিরোধ করতে পারছে না বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, লোকবল–সংকটের কারণেই ব্যবস্থা নিতে পারছেন না তাঁরা।
বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা আনিসুল হক জানান, গত ছয় মাসে সংরক্ষিত বন থেকে গাছ পাচারের সময় আটজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছ নিলাম দিয়ে ১২ লাখ টাকা আয়ও হয় বন বিভাগের। এ সময় পাচারকারীদের বিরুদ্ধে মহেশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে বন আইনে ১৫টি মামলা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি বিটের আওতায় প্রায় ১৮ হাজার একর জায়গায় সংরক্ষিত বনভূমি আছে। এর মধ্যে ১০ হাজার একর বনভূমি দখল করে পানের বরজ ও বসতি গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আকাশমণি, সেগুন, গর্জন, কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছে সমৃদ্ধ এই বনে এখন নিত্য হানা দিচ্ছে বনদস্যুরা। বনের আশপাশে গড়ে ওঠা অবৈধ করাতকলগুলোতে বনে গাছ চেরাই হয় বলে জানান বন কর্মকর্তারা।
জানা গেছে, বনের আশপাশে গড়ে ওঠা ২৪টি করাতকলের মধ্যে ১৯টি অবৈধ। রেঞ্জ কর্মকর্তা আনিসুল হক জানান, এসব করাতকলে বনের গাছ চেরাই করা হয়। এ কারণে করাতকলগুলোর বিরুদ্ধে আদালতে মামলাও করা হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন করাতকলের মালিকেরা।
কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকার একটি করাতকলের মালিক নাসির উদ্দীন জানান, সংরক্ষিত বনের গাছ এখানে চেরাই করা হয় না। তাঁরা স্থানীয় লোকজনের বাগানের গাছ চেরাই করেন।
মহেশখালী সদর থেকে ২৫ কিলোমিটার দূরে কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলীর পাহাড়ি এলাকার একটি অংশ পড়েছে সংরক্ষিত বনের ভেতর। বনের এই অংশে সেগুন, গর্জন ও আকাশমণি গাছ দেখা গেছে। সম্প্রতি এই বনে প্রবেশ করে আধা কিলোমিটার গেলে গাছ কাটার আলামত চোখে পড়ে। এখনে কিছুদূর পরপরই গাছের কাটা গুঁড়ি দেখা গেছে।
যোগাযোগ করা হলে বন বিভাগের সংশ্লিষ্ট বিট কর্মকর্তা জানান, এসব গাছ বন বিভাগের লোকজন কাটেননি। বনদস্যুরা রাতের অন্ধকারে গাছ কেটে নিয়ে গেছে। হোয়ানক, জেমঘাট, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া বিটের আওতায় সংরক্ষিত বনে গিয়েও একই চিত্র চোখে পড়েছে।
কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলীর বাসিন্দা মোহাম্মদ হাসানের অভিযোগ, চালিয়াতলীর পাহাড়ের সংরক্ষিত বন থেকে দীর্ঘ দিন ধরে গাছ কেটে বাইরে পাচার করছে বন দস্যুরা। তবে এরপরও বনকর্মীরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এ বিষয়ে বন বিভাগকে বেশ কয়েকবার অবহিত করা হলেও কোনো ভূমিকা নেওয়া হয়নি।
বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, লোকবল–সংকটের কারণে বনদস্যুদের কবল থেকে বন রক্ষা করা মোটেই সম্ভব হচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, লোকবল নিয়োগ দেওয়ার জন্য বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আহম্মেদ ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা উন্নয়নের স্বার্থে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের পাশাপাশি বনদস্যুদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।