অরক্ষিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ
অযত্ন-অবহেলায় অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে আছে নিউমার্কেট এলাকার মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি। দখল, অপব্যবহার ও ধুলোবালির প্রলেপ জমে বিবর্ণ হয়ে পড়েছে এটি। একাত্তরের মুক্তিযুদ্ধে সিটি কলেজ মোড়ে রক্তক্ষয়ী গেরিলাযুদ্ধ এবং এতে শহীদদের স্মৃতি রক্ষার লক্ষ্যে ২০০৮ সালে চট্টগ্রাম মুক্তিযুদ্ধ জাদুঘর স্মৃতিস্তম্ভটি নির্মাণ করে। বর্তমানে এটি হকারদের দখলে।খোঁজ নিয়ে জানা গেছে, স্মৃতিস্তম্ভটির দুই পাশে পণ্যের পসরা সাজিয়ে বসেন হকাররা। মালামাল ও অন্যান্য জিনিসপত্র রাখা হয় স্তম্ভের ওপর। বহিরাগতরা জিআরপি (রেলওয়ে পুলিশ মাঠ) মাঠে আসা-যাওয়া করে স্তম্ভটি মাড়িয়ে। সরেজমিনে দেখা গেছে, স্তম্ভটির চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আখের ছোবড়া। দুই পাশে বাঁশের ঠেস দিয়ে দোকান তৈরি করে হকার বসে এটিকে আড়াল করে রেখেছে। ময়লার আস্তরণ পড়ায় স্তম্ভের গায়ে লেখা শহীদদের নাম ও বিবরণগুলো পড়া দুষ্কর হয়ে পড়েছে। দেয়ালের ওপর বসে ফলকের ওপরে পা দিয়ে আড্ডায় ব্যস্ত কিছু তরুণ।চট্টগ্রাম সিটি কলেজের স্নাতকের ছাত্র মো. রাসেল বলেন, ‘প্রথম দিকে স্মৃতিস্তম্ভটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হলেও বর্তমানে কিছু করা হচ্ছে না। এখানে যে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি স্মৃতিচিহ্ন রয়েছে, তা বাইরে থেকে বোঝাই যায় না।’একাত্তরের গেরিলা যোদ্ধা অমল মিত্র বলেন, ‘স্মৃতিস্তম্ভের অপব্যবহার অবমাননাকর।’ তিনি জানান, সাবেক ও বর্তমান মেয়রকে জানানো হলেও স্মৃতিস্তম্ভটির সুষুম রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ক্ষমতাসীন দলের প্রতি স্মৃতিস্তম্ভটি রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার সাহাবউদ্দিন এ ব্যাপারে প্রশাসনের দায়িত্বহীনতাকে দায়ী করে বলেন, ‘স্মৃতিস্তম্ভ রক্ষার্থে সিটি করপোরেশনের ভূমিকা হতাশাজনক।’ চট্টগ্রাম নগরসহ বিভিন্ন স্থানে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে চিহ্নিত ও সংরক্ষণ করা প্রয়োজন বলে মত দেন তিনি। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেন, ‘স্মৃতিস্তম্ভটি স্থাপনের সময় নিউমার্কেটের বিপরীত দিকের বিপণিকেন্দ্রের ব্যবসায়ীরা এটিকে রক্ষণাবেক্ষণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরে দেখা যায় তাঁরা কিছু করছেন না। ফলে বিভিন্ন জায়গায় এ রকম আরও একাধিক স্মৃতিস্তম্ভ করার পরিকল্পনা স্থগিত করেছি। বিষয়টি নিয়ে আমরা অচিরেই মেয়রের সঙ্গে আলোচনা করব।’ জানা যায়, ১৯৭১ সালের ১ নভেম্বর চট্টগ্রাম সিটি কলেজের মোড়ে রক্তক্ষয়ী গেরিলা যুদ্ধে কর্মকর্তাসহ কয়েকজন পাকিস্তানি সেনাসদস্য হতাহত হয়। এ যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুক্তিযোদ্ধা রফিক আহমেদ, শফিউল বশর, ফজলুল হক ভূঁইয়া, অমল মিত্র, ভোলা নাথ প্রমুখ। এই যুদ্ধের স্মৃতি সংরক্ষেণের লক্ষ্যে নিউমার্কেট মোড়ে স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়।