অরক্ষিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতার মধ্যেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে প্রত্যাহার করা পুলিশ পুনর্বহাল করা হয়নি। বর্তমানে পার্বত্য জেলা পরিষদ অনেকটা অরক্ষিত অবস্থায় রয়েছে। পরিষদ ভবন যেকোনো সময় পার্বত্যচুক্তি বিরোধীসহ সরকার বিরোধীদের হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

 সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তা ব্যবস্থা না থাকার সুযোগে ২৫ অক্টোবর ১৮-দলীয় জোটের একটি মিছিল থেকে জেলা পরিষদ ভবনে ব্যাপক হামলা ও সেখানে থাকা পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।

জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইরফান শরিফ বলেন, ‘ওই হামলায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ থাকা অবস্থায় এভাবে হামলা কোনো দিন হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও জেলা পরিষদ ভবনে নিরাপত্তা না দেওয়া দুঃখজনক।’

জানা যায়, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ১৯৮৯ সালে তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) স্থানীয় সরকার পরিষদ গঠন করা হয়। ১৯৯৭ সালে পার্বত্যচুক্তির পর এ তিন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে পার্বত্য জেলা পরিষদ করা হয়। শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা পরিষদ ভবন ও চেয়ারম্যানের নিরাপত্তার জন্য সশস্ত্র দেহরক্ষী হিসেবে দুজন হাবিলদার, তিনজন নায়েক ও ১৫ জন কনস্টেবল মিলে মোট ২০ পুলিশ সদস্যকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাখার নির্দেশ দেয়। নির্দেশটি এখনো বহাল রয়েছে।

জেলা পরিষদ সূত্র জানায়, এ বছর ২৮ জুলাই কিছু না জানিয়েই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের ওয়্যারলেস সেটধারী দেহরক্ষীসহ ১১ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। এ অবস্থায় পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় অনেকটা অরক্ষিত হয়ে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও রাঙামাটি জেলা পুলিশ সুপারকে প্রত্যাহার করা পুলিশ সদস্যদের পুনর্বহালের জন্য চিঠি লেখা হলেও কোনো ফল হয়নি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, কোনো কিছু না জানিয়ে নিরাপত্তার দায়িত্ব থেকে ওয়্যারলেস সেটধারী দেহরক্ষীসহ ১১ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। বিষয়টি বিব্রতকর। পাশাপাশি এতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। পর্যাপ্ত পুলিশ না থাকায় প্রত্যন্ত এলাকার অনেক কর্মসূচি বাতিল করতে হয়েছে বলে চেয়ারম্যান জানান।

 রাঙামাটি পুলিশ সুপার আমেনা বেগম বলেন, জেলা পরিষদের তো একজন পুলিশও পাওয়ার কথা নয়। তার পরও নয়জনকে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশ, তা অনেক আগের উল্লেখ করে তিনি বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তার দরকার হলে অবশ্যই পুলিশ দেব। বর্তমানে আমরা চেষ্টা করছি পুলিশ দিতে।’