অরণ্যের দিনরাত্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর অরণ্যের ভেতরে দাঁড়িয়ে গুটিকয়েক মানুষ। কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত সবাই। কথা বলে যাচ্ছে একে অপরের সঙ্গে। অন্য কোনো দিকে খেয়াল নেই তাদের। মাথার ওপর ঠায় দাঁড়িয়ে মস্ত একটা সূর্য। ঝা চকচকে রোদে ভরা দিন। দূর থেকে দেখা যায় সেই সোনালি রোদের শরীর চিরে বের হয়ে আসছে একটা চিতা। সোনারং গায়ে আছড়ে পড়া সোনালি রোদ থেকে তাকে আলাদা করে ঠাওর করা যেন দারুণ মুশকিলের কাজ। শরীরের সর্বাঙ্গে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কালো দাগ চেহারায় এনে দিয়েছে রাজকীয় ছাপ। ছুটতে ছুটতে সে চলে আসে মানুষের কাছাকাছি। ভয় হয়। হয়তো এখনই হামলে পড়বে মানুষের ওপর। কিন্তু চিতাটি মানুষকে আক্রমণ না করে তাদের শরীরের সঙ্গে গা ঘষতে থাকে। সার্কাসের প্রাণীর মতো লাফঝাঁপ দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে। নেয় মানুষের আদর। হিংস্র চিতার এমন কাণ্ড দেখে অবাক হতে হয় বৈকি। খেপা চিতাগুলোকে পোষ মানানো সহজ কথা নয়। খায়াম নামের এই চিতাকে পোষ মানিয়েছেন একজন বিজ্ঞানী। ৫৪ বছর বয়সী বিজ্ঞানী লরি মার্কার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বন্য প্রাণীদের নিয়ে। চষে বেড়িয়েছেন নামিবিয়ার বিশাল অরণ্য। চিতাদের নিয়ে কাজ করতে গিয়েই বন্ধুত্ব খায়ামের সঙ্গে। নামিবিয়ার অরণ্যে পৃথিবীর দ্রুততম প্রাণী চিতার দেখা মিলবে প্রায়ই। তবে এই চিতার সংখ্যা কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। এই প্রজাতিকে বাঁচানোর জন্যই কাজ শুরু করেছেন লরি। প্রতিদিন ভোরেই তাই তিনি বের হন অরণ্যের উদ্দেশে। সঙ্গে থাকে খায়াম। চিতাদের রক্ষা করতে গিয়ে খায়ামের সঙ্গে দোস্তি এবং লরির লড়াইয়ের গল্পটাই শুনব আমরা আজ।১.১৯৭৭ সাল থেকে বন্য প্রাণীদের নিয়ে কাজ করে যাচ্ছেন মিশিগানে জন্ম নেওয়া বিজ্ঞানী ড. লরি মার্কার। নামিবিয়ায় এসে চিতাদের দুরবস্থা দেখে তিনি তাদের নিয়ে কাজ করার কথা ভাবেন। কিন্তু সমস্যা ছিল অনেক। হাতে ছিল না অর্থ। যুক্তরাষ্ট্র ছেড়ে নিজের সংসার নিয়ে কীভাবে নামিবিয়ায় দিনযাপন করবেন, সেসব নিয়েও ছিল ভাবনা। নামিবিয়া স্বাধীন হয়নি তখনো। তাই নিজের নিরাপত্তা নিয়েও ছিলেন শঙ্কিত। সমস্যাগুলো নিয়ে ভাবতে ভাবতেই কেটে যায় কতগুলো বছর। অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেলেন। ১৯৯০ সালের দিকে লোটাকম্বল নিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে আসেন নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে। ‘আমি যুক্তরাষ্ট্রে থাকা আমার সবকিছু বিক্রি করে দুটো কুকুর, ১৫ হাজার ডলার আর গবেষণার সব সরঞ্জাম নিয়ে চলে আসি নামিবিয়ায়। বিদ্যুৎ ও পানির ভয়াবহ অভাবের ভেতরেও বন্ধুর বাসায় থেকে কাজ শুরু করি। চিতাদের রক্ষায় সবাইকে সচেতন করে তোলাই ছিল আমার প্রথম এবং প্রধান লক্ষ্য।’ বলছিলেন লরি মার্কার। প্রতিবছর এখানকার বাসিন্দারা আট থেকে নয় শ চিতা গুলি করে মারে। এসব বাসিন্দাকে সচেতন করে তোলা খুব কঠিন কাজ। লরি সবার সঙ্গে কথা বললেন। তাদের বোঝানোর চেষ্টা করলেন পরিবেশের জন্য চিতাদের প্রয়োজনীয়তা। কাজ শুরু করলেন চিতাদের প্রজনন সমস্যা নিয়ে। গড়ে তুললেন চিতা রক্ষার জন্য একটি সংস্থা। কিন্তু সফলতা মিলল না তেমন। সাদা চামড়ার মহিলা বলে তাঁকে দূর দূর করে তাড়িয়ে দিল এ অঞ্চলের কৃষকেরা। শিশুরাও ঘৃণার চোখে দেখত তাঁকে। ঢের হয়েছে বলে যখন কাজের ইতি টানার কথা চিন্তা করলেন, তখনই মাথায় এল নতুন বুদ্ধি। কৃষকদের মনের কথা বুঝতে হলে সবার আগে শিখে নিতে হবে তাদের ভাষাটা। দরিদ্র মানুষগুলোর সঙ্গে ঠিকভাবে মিশে যেতে পারলেই মিলবে সফলতা।২.নতুন ভাবনা মোতাবেক কাজ করে সফলতা পেলেন লরি। চিতারা কৃষকদের শস্য নষ্ট করলেও এ বিজ্ঞানীর কথা বিশ্বাস করে তাঁর সাহায্যে এবার এগিয়ে এলেন সবাই। ১২ হাজার একরের জমি কিনে লরি শুরু করলেন তাঁর স্বপ্নের খামারের কাজ। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য এগিয়ে এলেন অনেকেই। তৈরি করা হলো হাসপাতাল। এখানে একই সঙ্গে ৫০টি চিতার চিকিৎসা করা যায়। চিতা নিয়ে কৃষকদের সমস্যাগুলো দূর করার জন্য কাজ শুরু করলেন চিতা রক্ষা কমিটির সদস্যরা। আফ্রিকার বড় বিড়াল বলে খ্যাত চিতা রক্ষার জন্য সরকারও এগিয়ে এল সাহায্যে। আর্থিক সাহায্যের পাশাপাশি করা হলো সঠিকভাবে পানি সরবরাহের ব্যবস্থা। ‘প্রথম কয়েকটি বছর কাজ করা খুব কঠিন ছিল। আমাকে কেউই বিশ্বাস করতে চাইত না। এখন সময় পাল্টেছে। চিতাদের সম্পর্কে সবাইকে সঠিক ধারণা দেওয়ার জন্যই আমি খুলেছি একটি জাদুঘর এবং শিক্ষাপ্রতিষ্ঠান।’ নিজের কাজগুলো নিয়ে এভাবেই বললেন লরি। চিতা নিয়ে ভিনদেশি এক নারীর এমন কাণ্ডকে সবাই শুরুতে পাগলামিই মনে করেছিল। এখন আশপাশের সবাই শুনছে লরির কথা। করছে তাঁর কথামতো কাজ। লরির চেষ্টাতেই কমে এসেছে গুলি করে মারা চিতার সংখ্যাটা। ঘণ্টায় ৭০ মাইল বেগে দৌড়ানো চিতাকে বাঁচানোর জন্য এখন বিশ্বব্যাপী কাজ শুরু করেছেন লরি। চিতা রক্ষায় এমন অবদানের জন্যই জায়গা করে নিয়েছেন তিনি টাইম ম্যাগাজিনে। পরিবেশ রক্ষার জন্য পেয়েছেন টাইলার পুরস্কার।চিতাদের সঙ্গে সময় কাটাতে গিয়েই পোষ মানল একটি চিতা। নাম রাখা হলো তার খায়াম। বিজ্ঞানী লরির দিনের অনেকটা সময়ই কাটে এখন খায়ামের সঙ্গে। তাকে নিয়েই করেন তাঁর গবেষণার কাজগুলো। খায়াম কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। নিজের খামার কিংবা অরণ্যে খায়ামকে নিয়েই ঘুরে বেড়ান তিনি। এ অঞ্চলের সবাই তাঁকে ভালোবাসে এখন খুব। বিপদে-আপদে পরামর্শের জন্য ছুটে আসে তাঁর কাছে। তাই তো রোদ, বৃষ্টি কিংবা ঝড়ের ভেতরেও চিতার পেছনে ছুটে বেড়ানো ভিনদেশি নারীকে দেখে এখন আর আগের মতো অবাক হয় না নামিবিয়ার কেউই। অনেক দূর থেকেও ঠিক ঠিক তারা চিনতে পারে কাঁচা-পাকা চুলের দীর্ঘদেহী এই নারীকে।সূত্র: এফটি ডটকম অবলম্বনে কিঙ্কর আহ্সান