
রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার বলেছেন, সমাজের অরাজকতা থেকে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক মূল্যবোধ ও সচেতনতা বাড়াতে হবে।
৮ সেপ্টেম্বর রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা সভার উদ্বোধনী অনুষ্ঠানে ঊষাতন তালুকদার এ কথা বলেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটি জেলা ইউনিট এ সভার আয়োজন করে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্ প(সিএইচটিডিএফ) এই সভার আয়োজনে সহযোগিতা করে। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি সিএইচটিডিএফের উপপরিচালক প্রসেনজিৎ চাকমা বলেন, ইউএনডিপি পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রম চালানোর পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কাজ পরিচালনা করছে। ইউএনডিপির সহযোগিতায় ইতিমধ্যে রাঙামাটি কোতোয়ালি থানা ও বরকল থানায় ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।
বিকেলের অধিবেশনের রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম শামস উদ্দিন খালেদ বলেন, মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম হওয়ায় নারী ও শিশুর প্রতি সংঘটিত সহিংসতার মামলাগুলো দীর্ঘায়িত হয়।
সভায় আলোচনা করেন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, আইনজীবী সুস্মিতা চাকমা, সৌরভ দেওয়ান ও ইউএনডিপি- সিএইচটিডিএফের ক্লাস্টার নেতা ঝুমা দেওয়ান। আলোচনায় বিভিন্ন গ্রাম থেকে আসা দেড় শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।