অরিন্দমের ৩৭ বছরে পদার্পণ
শারদসন্ধ্যা। ১৬ সেপ্টেম্বর। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারি কক্ষে দর্শক-শিল্পীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় ও জয়শ্রী করের জন্য। অবশেষে এসে পৌঁছালেন রাত সোয়া আটটায়। মোমবাতি জ্বালিয়ে অরিন্দম নাট্য সম্প্রদায়ের ৩৬ বর্ষপূর্তি উপলক্ষে স্মৃতিচারণা অনুষ্ঠানের উদ্বোধন করেন। নাট্যদলের সভাপতি আকবর রেজার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমেই শুরু করলেন স্মৃতিচারণা। অন্যদের মধ্যে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, কবি ও সাংবাদিক আবুল মোমেন, সাংবাদিক ও নাট্যকর্মী ওসমান গণি মনসুর, শিশির দত্ত, মুনির হেলাল, জাহাঙ্গীর কবীর, ম. সাইফুল আলম চৌধুরী, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, শ্যামলী মজুমদার ও সাবিরা সুলতানা। নাট্যচর্চা, নাটক নির্মাণসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ঢাকা থেকে চট্টগ্রাম কোনো অংশে পিছিয়ে নেই বলে উল্লেখ করে নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, ‘ঢাকার সঙ্গে পাল্লা দিয়ে চট্টগ্রামও নানাভাবে মানসম্পন্ন মঞ্চনাটক করে যাচ্ছে। তাই নাট্যচর্চায় চট্টগ্রামকে ঢাকা থেকে পৃথকভাবে দেখার কোনো অবকাশ নেই। আর চট্টগ্রামে এ নাট্যচর্চায় দীর্ঘ ৩৬ বছর ধরে অগ্রণী ভূমিকা রেখে চলেছে অরিন্দম নাট্য সম্প্রদায়।’ কবি ও সাংবাদিক আবুল মোমেনও বাংলাদেশের নাটকে অরিন্দমের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরলেন। তিনি বলেন ‘অরিন্দমের মাধ্যমে অনেক ভালো ভালো নাটক সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম একটি ছোট শহর। এ শহরে ২০টি নাটকের দলের প্রয়োজন নেই। বিভক্ত হয়ে নাট্যচর্চার কারণে বর্তমানে চট্টগ্রামে নিয়মিত নাট্যচর্চা হচ্ছে না, নাটকও তৈরি হচ্ছে না। তাই আমি বলব, বর্তমানে চট্টগ্রাম নাটকের পথ হারিয়ে ফেলেছে। এ পথহারা থেকে উত্তরণের জন্য অরিন্দম নেতৃত্ব দিতে পারে।’ নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত প্রতিভাদীপ্ত নাট্যকার, নাট্যকর্মী তৈরিতে সবার উদ্যোগী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মানসম্পন্ন নাটক মঞ্চায়নে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। এরপর দলের নিজস্ব বুলেটিন অরিন্দম-এর মোড়ক উম্মোচন করেন দলের ১০ প্রবীণ সদস্য। ১৯৭৭-৭৮ সালে এই বুলেটিন যাত্রা শুরু করলেও দুই সংখ্যা প্রকাশের পর বন্ধ হয়ে যায়। এটি নতুন করে আবার প্রকাশিত হচ্ছে আকবর রেজা, সাইফুল আলম ও শাহরিয়ার আদনানের সম্পাদনায়।দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিবি আয়েশার সঞ্চালনায় অরিন্দমের নাট্যকর্মী জয়া পরিবেশন করেন আধুনিক গান ‘আমার মাঝে নেই এখন আমি’। শিল্পী শাহরিয়ার খালেদ পরিবেশন করেন ‘চম্পা-কলি ও কত নামে ডেকেছি তোমায়’, বাংলা ও তেলেগু ভাষায় ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে’। এরপর বাঁশির সঙ্গে ‘ক্ষমো ক্ষমো অপরাধ’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সুয়াচান্দ পাখি’ পরিবেশন করেন অরিন্দমের সদস্য চপল। পুরো অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন অরিন্দম-কর্মী চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ।