প্রায় পৌনে চার বছর নিরাপত্তা হেফাজতে থাকার পর অরুণ দে নামের এক ব্যক্তি গত মঙ্গলবার চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গত সোমবার শুনানির পর তাঁকে মুক্তির আদেশ দেন। অরুণের স্ত্রীর করা সাধারণ ডায়েরি (জিডি) তলব ও প্রতিবেদন দাখিলের জন্য স্থানীয় কোতোয়ালি থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। আদালত সূত্র জানায়, অরুণের স্ত্রী নীলা দে মাদকাসক্ত হিসেবে তাঁকে চিহ্নিত করে তৎকালীন নির্বাহী হাকিম আদালতের মাধ্যমে নিরাপত্তা হেফাজতে পাঠানোর ব্যবস্থা করেন। নিরাপত্তা হেফাজতের নামে অরুণ কার্যত পৌনে চার বছর কারাগারে বন্দী ছিলেন। আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি অরুণের স্ত্রী নীলা দে তাঁর স্বামীকে নিরাপত্তা হেফাজতে নিতে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। এর আট দিন পর ২৮ ফেব্রুয়ারি এ বিষয়ে তিনি কোতোয়ালি থানায় একটি জিডি করেন। জিডিতে তাঁকে ও তাঁর দুই ছেলেকে মাদকাসক্ত অরুণ নিয়মিত নির্যাতন করে আসছিলেন বলে দাবি করেন। বিচার বিভাগ পৃথক্করণের আগে তৎকালীন মহানগর হাকিম ঘটনাটি তদন্তের জন্য কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দেন।চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আদেশে বলেন, ‘...অরুণকে একটু ভালোবাসার পরশ ও কাউন্সেলিং (বোঝানো) করাই যথেষ্ট ছিল। পরিবারের যাঁদের জন্য অরুণ বেঁচে আছেন তাঁরাই (স্ত্রী ও সন্তান) তাঁর দুর্ভাগ্যের কারণ বলে মনে হয়...। স্ত্রী নীলার দরখাস্তে বর্ণিত বিষয়গুলো যদি সত্যিও হয়, তারপরও বিনা বিচারে আটক থাকাটা যুক্তিযুক্ত মনে হয় না।’ নথি পর্যালোচনা করে হাকিম আদেশে আরও বলেন, ভিকটিম (ভুক্তভোগী) হয়তো অনেক আগেই মুক্তি পেতে পারতেন। ভুক্তভোগী ব্যক্তির বক্তব্য জানা গেছে বলেই আদালতের কাছে তাঁর দীর্ঘ আটকের বিষয়টি পরিষ্কার হয়েছে। এখন সান্ত্বনাবাক্য অরুণের জীবনের মূল্যবান সময়টুকু ফিরিয়ে দেবে না। আদেশে আরও বলা হয়, অরুণকে ধরে সাময়িক চিকিৎসার জন্য ‘ছায়ানীড়’ নামের মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়। অথচ এ ব্যাপারে কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা বোঝা যাচ্ছে না। এ সংক্রান্ত কোনো চিকিৎসা সনদ বা ব্যবস্থাপত্র সংযুক্ত করা হয়নি। সর্বোপরি মূল জিডিও আজ পর্যন্ত আদালতে পাঠানো হয়নি। বিনা অপরাধে কার্যত অরুণকে পৌনে চার বছর কারাভোগ করতে হয়েছে। আদেশে আরও বলা হয়, নিরাপত্তা হেফাজতে পাঠানোর সুনির্দিষ্ট কোনো আইনি বিধান না থাকা সত্ত্বেও হয়তো পরিস্থিতি বিবেচনায় ভুলক্রমে অরুণকে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে। এরপর ধার্য তারিখগুলোতে তাঁকে আদালতে সশরীরে হাজির করা হয়নি। এর আগে সোমবার অরুণ দে আদালতে বলেন, ‘স্ত্রী ও তাঁর ভাইয়েরা আমার সম্পত্তি আত্মসাতের জন্য পুলিশের সঙ্গে ষড়যন্ত্র করে আমাকে জেলে পাঠিয়ে দেন। এতগুলো দিন কেউ আমার খোঁজ নেয়নি।’ মুক্তির আকুতি জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি মুক্তি পেলে গ্রামের বাড়ি চন্দনাইশে চলে যাব।’আদালত সূত্র আরও জানায়, কোতোয়ালি থানার তৎকালীন উপপুলিশ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ নীলার অভিযোগ তদন্ত করেন। এ ব্যাপারে তিনি আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন বলে জানা গেছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে অরুণকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর আদেশ দেন হাকিম।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল কাদের এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘আদালতের আদেশে অরুণকে মঙ্গলবার মুক্তি দেওয়া হয়। এর আগে তিনি পৌনে চার বছর নিরাপত্তা হেফাজতে ছিলেন। মুক্তি পাওয়ার সময় তাঁকে মাদকাসক্ত ছিলেন বলে মনে হয়নি।’