অরুণোদয়ের কাব্য
বাচিক শিল্পচর্চাকেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস গত শুক্রবার বিকেলে ইসলামাবাদী মেমোরিয়াল মিলনায়তনে ১৩ জন নবীন আবৃত্তিশিল্পীর আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নবীন শিল্পীদের কণ্ঠে উঠে আসে চে গুয়েভারা, সুনীল গঙ্গোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচি, নির্মলেন্দু গুণ, মল্লিকা সেন গুপ্তসহ, দেশ-বিদেশের বিভিন্ন কবির কবিতা। ‘অরুণোদয়ের কাব্য’ শিরোনামে শ্রাবণী দাশ গুপ্তার সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রতিভার আলো ছড়ানো নবীন শিল্পীরা হলেন মিঠু তলাপাত্র, সুস্মিতা দত্ত, শান্তা সাহা, সুমি বিশ্বাস, ইভা চৌধুরী, রাতুল হাসান, মিজানুর রহমান, রেজাউল করিম, মো. নাসের উদ্দীন, বিজয় কর, মোয়াজ্জেম হোসেন এবং নূর আলম। এঁরা সবাই একক আবৃত্তি করলেও অনুষ্ঠান বৃন্দ আবৃত্তি দিয়েই শেষ করেন।আবৃত্তির আগে শাওন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য মফিজুর রহমান, দৈনিক প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী এবং রাশেদ হাসান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম। বক্তারা বলেন, ‘আবৃত্তি মানুষের রুচিশীল বোধের পরিমিত ও নান্দনিক প্রকাশমাধ্যম। কবির লেখনীতে এ বোধের সৃষ্টি আর আবৃত্তিশিল্পীর কণ্ঠে এর নান্দনিক প্রকাশ। আবৃত্তি শুধু প্রেম বা নান্দনিকতায় নয় বরং সংগ্রাম এবং দ্রোহেও সমানভাবে কার্যকর ও সক্রিয় শিল্পমাধ্যম।