জীবনের নানা পর্বে ইউরোপ ভ্রমণের সময় কবিতা, চিঠি, দিনপঞ্জি লেখার পাশাপাশি প্রচুর গানও লিখেছেন রবীন্দ্রনাথ। সেসব গান থেকে বাছাই করা কুড়িটি গান নিয়ে সাজানো হয়েছিল গীতি-আলেখ্য। প্রতিটি পরিবেশনার আগে দর্শকদের জানিয়ে দেওয়া হচ্ছিল রচনার পটভূমিও। পাশাপশি ইউরোপে অবস্থানকালে রচিত কবিতা, চিঠি ও কবির স্বকৃত ইংরেজি অনুবাদের পাঠও শুনলেন দর্শক শ্রোতারা।রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বুধবার সন্ধ্যায় এই ভিন্ন ধারার গীতি-আলেখ্য পরিবেশন করলেন রক্তকরবীর শিল্পীরা। পুরো অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিকল্পনা করেন উদয়শঙ্কর দাশ। সংগীত পরিচালনায় ছিলেন শীলা মোমেন।উদয়শঙ্কর দাশ ও মিলি চৌধুরীর ধারা বর্ণনার মধ্য দিয়ে শুরু হলো অনুষ্ঠান। প্রথমে মিলি চৌধুরী পাঠ করলেন—‘তুমি কেমন করে গান কর হে গুণী’। মিলির সঙ্গে যৌথ পাঠে অংশ নিলেন উদয় শংকর। তিনি পাঠ করলেন এই কবিতার ইংরেজি তরজমা। পাঠের সঙ্গে নাচলনে সুদেষ্ণা স্বয়ম্প্রভা। এর পর পরই সমাবেত কণ্ঠে শিল্পীরা গাইলেন ‘সুন্দর বটে তব অঙ্গদ খানি’।লন্ডনে রবীন্দ্রনাথ তাঁর বিখ্যাত কবিতা সংকলন গীতাঞ্জলির পাণ্ডুলিপি হারিয়ে ফেলেছিলেন। পরে তা পাওয়া গিয়েছিল বেকার স্ট্রিট পাতাল রেল স্টেশনের লস্ট প্রোপারটি অফিসে। এমন চকমপ্রদ তথ্য জানা গেল ধারাভাষ্যকারদের কাছ থেকে।১৯১৩ সালে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফেরার পর ছোট্ট অস্ত্রোপচার হয় রবীন্দ্রনাথের শরীরে। আরোগ্য লাভের সময় লন্ডনের একটি বাড়িতে বসে লেখেন, ‘অসীম ধন তো আছে’। শ্রেয়সী রায়ের কণ্ঠে সে গান শুনে অনেকক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে রইলেন দর্শক। এরপর একই সময়ে রচিত ‘তোমারই নাম বলবো’ গেয়ে শোনান অমী দেব। ইউরোপে ব্যস্ত সময় কাটছে তখন রবীন্দ্রনাথের। সংবর্ধনা নিচ্ছেন, বক্তৃতা করছেন। সারাবিশ্বের কাছে ভারতের প্রতিনিধি তিনি তখন। কিন্তু খ্যাতির আড়ম্বর শান্তি দিচ্ছিল না তাঁকে। লন্ডন থেকে মীরা দেবীকে চিঠিতে লেখেন, ‘এখানকার লোকসমাজের টানাটানিতে মনের ভেতরটাতে অত্যন্ত ক্লান্তি এসেছে।’ মনের এই অবস্থায় লেখেন— ‘এ মনিহার আমায় নাহি সাজে।’ অনিরুদ্ধ সেনগুপ্ত দরাজ কণ্ঠে গেয়ে শোনান গানটি।১৯১২ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত পর্যন্ত যতবার ইউরোপ ও আমেরিকা ভ্রমণে গেছেন ততবার লেখা হয়েছে গান, কবিতা। কখনো কোনো নির্জন হোটেলে, কখনো বন্ধুর বাড়িতে এমনকী হাসপাতালেও গান লিখেছেন তিনি। জার্মানি ও পূর্ব ইউরোপ সফরের সময় সংস্পর্শে এসেছিলেন আইনস্টাইনসহ বহু কীর্তিমানের। পাশ্চাত্যের শিল্পরূপ, কবিতার ছন্দ, এমনকী প্রকৃতিও প্রভাব ফেলেছিল তাঁর গানে। তাঁর বহু বিখ্যাত গান এই সময় রচিত। তারই একটি হলো ‘আমার মুক্তি আলোয় আলোয়’। দু-ঘণ্টার এই সংগীতসন্ধ্যা দর্শকের মন ভরিয়েছে, তথ্যভাণ্ডারও সমৃদ্ধ করেছে। ভালো লেগেছে শমী সুহূদের ‘সে কোন্ পাগল যায় পথে তোর’, শুভ্রতা দশের ‘ রয় যে কাঙাল শূন্য হাতে’ ও সত্যজিৎ ঘোষের গাওয়া ‘কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে’ গানগুলো। সোমা বড়ুয়া ও ফেরদৌস রাসেলের দ্বৈত কণ্ঠে গাওয়া ‘পথ এখনো শেষ হলো না’ গানটিও দাগ কেটেছে দর্শক হূদয়ে। ‘অরূপ তোমার বাণী’ সমাবেত কণ্ঠে গাওয়া এই গানের মধ্য দিয়ে শেষ হয় মনোমুগ্ধকর এই গীতি-আাালেখ্য। উদ্বোধনের আগে রবীন্দ্রনাথের পাশ্চাত্য ভাবনা ও ইউরোপ ভ্রমণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন অধ্যাপক আবুল মনসুর।