অর্কিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি অর্কিড ফুলের আবদার করেছিলাম ছোটবেলায়। তুমি কয়েকটি অর্কিড গাছের চারাই নিয়ে এলে। ছাদের ওপর অর্কিড গাছের ফুল যেদিন ফুটল, সবচেয়ে বেশি খুশি হয়েছিলে তুমিই। আমাকে কোলে তুলে ফুলটি দেখলে আর প্রাণভরে হাসলে। তোমার সেই প্রাণখোলা হাসি কত দিন যে শুনি না, খেয়াল আছে তোমার?চাঁদপুরে গিয়ে ইলিশ মাছ কিনতে চেয়েছিলাম। তুমি আমাকে নদীর কাছেই নিয়ে গেলে। জেলেদের সঙ্গে এক নৌকায় উঠে নিজের হাতে মাছ ধরলে। সেই মাছ নিজে রান্না করে খাওয়ালে, মনে আছে তোমার? কী যে প্রাণচাঞ্চল্যে ভরপুর ছিলে তুমি, এখন আর সেভাবে পাই না তোমাকে। আমাকে সাঁতার শেখানোর জন্য কী প্রাণান্তকর চেষ্টাই না করেছ তুমি, এখন আমিই তোমার চাইতে ভালো সাঁতরাতে পারি। তুমি একেবারেই পারো না, খুব খারাপ লাগে আমার।যেদিন কুমিল্লা ছেড়ে চট্টগ্রামে এলাম, তুমি যে ছেলেমানুষের মতো কেঁদেছ, তুমি না বললেও দূর থেকে ঠিকই বুঝতে পারি। এখন কি কাঁদো না, বাবা! তা না হলে দূরদেশে চলে যেতে চাও কেন?২০১১ বিশ্বকাপের বাংলাদেশ-ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচটি আমরা একসঙ্গেই দেখেছিলাম। খেলার অবস্থা দেখে আমি হাল ছেড়ে দিলেও তোমাকে তো হাল ছাড়তে দেখিনি। হাল না ছাড়া মানুষের জন্যই বাংলাদেশ সেদিন জিতেছিল। এখন তবে নিজের ব্যাপারে হাল ছাড়লে কেন বাবা? অসুখ হলেই কি মানুষ মরে যায়!তুমিই তো বলতে, মানুষের মন কখনো রোগাক্রান্ত হয় না। তবে কেন তুমি নিস্তেজ হয়ে গেলে, কেন তুমি ব্যাধির কাছে পরাস্ত হয়ে যাচ্ছ? তোমাকে জিততে হবে বাবা। আমার সঙ্গে গাছ লাগাবে না আর? নৌকায় চড়ে মাছ ধরবে না? চলো না, একসঙ্গে আবার বাংলাদেশের খেলা দেখি। এত ভেঙে পড়িও না বাবা। জেগে ওঠো আবার। নিশ্চয়ই তুমি পারবে। তোমার কাছে এইটুকুন আশা কি করতে পারি না, বাবা?তুষার রায়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়