অর্কিড মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ অক্টোবর ঢাকার গুলশানের বাড়িটিতে নানা লোকের সমাগম। কেউ চারপাশ ঘুরে ঘুরে দেখছেন, আবার কেউ পছন্দের জিনিসটা কিনে দাম মিটিয়ে দিচ্ছেন। সবার মধ্যেই টুকটাক ব্যস্ততা। ওই দিনই ছিল দুই দিনের অর্কিড প্রদর্শনীর শেষ দিন। তাই সবাই চাইছিলেন নিজেদের পছন্দের গাছ কিনতে। বাংলাদেশ অর্কিড সোসাইটি আয়োজিত এই প্রদর্শনীতে অর্কিড কিনতে ও দেখতে এসেছিলেন অনেকেই। ঘরের ছোট্ট টেবিলে একগুচ্ছ ফুলের কথা বলতে অনেকেরই আজকাল মনে আসে অর্কিডের কথা। অর্কিডের প্রতি ভালোবাসা থেকেই নাসিম ইকবাল গড়ে তুলেছেন বাংলাদেশ অর্কিড সোসাইটি। অর্কিড নিয়ে কথা হয় তাঁর সঙ্গে: ‘আমার বাগানের শখ। কিন্তু কোনো ফুলই সারা বছর থাকে না। তাই আমি এমন একটা গাছ খুঁজছিলাম যেটা সারা বছর ফুলে ফুলে ভরা থাকবে। সে রকম একটা গাছ হলো অর্কিড। এতে মাটি তেমন লাগে না; চাইলেই একটা টবে লাগিয়ে ঝুলিয়ে দেওয়া যায় বাগানে। আবার এটি পোকামাকড়ের আক্রমণ থেকেও নিজেকে রক্ষা করতে পটু। তাই আমারও গড়ে ওঠে অর্কিডের সঙ্গে সখ্য। ১৯৮৯ সালে মাত্র চার-পাঁচজন সদস্য নিয়ে শুরু করি বাংলাদেশ অর্কিড সোসাইটি। এখন আমাদের সদস্যসংখ্যা ২৫।’ কথা হয় অর্কিড সোসাইটির আরেক সদস্য ফাহমিদা খাতুনের সঙ্গে; জানালেন, তিনি থাকেন উত্তরায়। অর্কিডের টানে যোগ দিয়েছেন সোসাইটিতে। অবসরটা যেন বেশ কেটে যায় এখন। মাসের শেষ শনিবার তাঁদের আলোচনা হয়, সেখানে গাছের সমস্যা, সমাধান ও নতুন কোনো অর্কিড সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।সোসাইটির সদস্য তসলিমা কবিরের অর্কিডের প্রতি ভালোবাসা বেশ প্রবল। তিনি অর্কিড নিয়ে বইও লিখেছেন। পৃথিবীতে বিভিন্ন ধরনের অর্কিড পাওয়া যায়। আমাদের দেশি কিছু অর্কিডও রয়েছে। একটু পরিচর্যা করলেই এগুলো আরও উন্নত মানের হবে। অনেকে মনে করেন, অর্কিড খুব দামি গাছ। আগে তা-ই ছিল, কিন্তু এখন বিভিন্ন অর্কিডের শংকর ঘটিয়ে যেসব অর্কিড তৈরি করা হচ্ছে, তার দাম বেশ কম। ৩০০ টাকায় আপনি পাবেন অর্কিড। আবার ২০০০ টাকা দামের অর্কিডও আছে। বাংলাদেশ অর্কিড সোসাইটিতে গেলে আপনি পাবেন কিছু গাছ, যেগুলো আর কোথাও পাবেন না। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক থেকে অর্কিড দেশে আনা হয়। এখানে গেলে আপনি পাবেন ফেলেনপসিস, ভ্যানডপসিস, অ্যাসকোসেন্ডা, অ্যাসকোসেন্ট্রাম প্রভৃতি নামের বিদেশি অর্কিড। তেমনি পিয়ারারডি, প্যারিসি, মাল্টিফ্লোরাম প্রভৃতি নামের দেশীয় অর্কিডও পাবেন। পাবেন ডোরাইটিনপসিস নামের একটি শংকর গাছ। দেশীয় অর্কিডগুলো জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফুল দেয়। আর বিদেশি অর্কিডগাছে ফুল থাকে সারা বছর। অন্যদিকে ডেনড্রোবিয়াম, অনসিডিয়াম ও ভ্যান্ডা গাছগুলো সহজেই বড় হতে পারে।নিজের মনমতো গাছ পেতে আজই চলে যেতে পারেন অর্কিড সোসাইটির এই ঠিকানায়: গুলশান-২, সড়ক-৯৫, বাড়ি-সিএনসি (সি)-২, ঢাকা। তারপর অর্কিডের সৌন্দর্যে সুন্দর করে তুলতে পারেন ঘরের চারপাশ।