‘পড়াশোনার চাপ থাকে বছরজুড়ে। সেই চাপ থেকে বেরিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা জরুরি। আর তাই মনে স্বপ্নবিলাসগুলো বন্ধু-বান্ধবীদের মধ্যে বিলিয়ে দিতেই অপেক্ষা করে থাকি একটা নাটক বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বনভোজনের।’ দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের (লেভেল-৩) শিক্ষার্থী বৈশাখী এভাবেই ক্যাম্পাসে নিজেদের সংস্কৃতিচর্চার প্রেরণার কথা জানালেন।বৈশাখীদের সংগঠনের নাম ‘অর্ক সাংস্কৃতিক সংগঠন’। মানে সূর্য। সংগঠনের সভাপতি বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী হায়দার আলী বললেন, ১৯৮৯ সালে সংগঠনের জন্ম। দেড় শতাধিক সদস্য-সদস্যা আছে সংগঠনটির। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে বা বার্ষিক নাট্য ও সাংস্কৃতিক উত্সব নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করে অর্ক। ‘এই তো গত মাসের কথা। পুনর্ভবা নদীর পাড়ে বনভোজনে গিয়েছিলাম অর্কের বন্ধুরা। সে কী আনন্দ! নাচ, গান, কুইজ, রান্নাবান্না, খাওয়াদাওয়া শেষে র্যাফেল ড্র। ছবি তোলা। এই আমাদের সংস্কৃতিচর্চার ধরন আর কি!’ অর্কের সদস্য মুনমুন এভাবেই বর্ণনা করলেন বনভোজনে সবার সম্পৃক্ততার কথা।অর্ক ছাড়াও হাবিপ্রবি ক্যাম্পাসে নিয়মিত সংস্কৃতিচর্চা করে ‘সেঁজুতি নাট্য চক্র’ নামের একটি সংগঠন। একুশে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসকে ঘিরে বাঙালি সংস্কৃতির চর্চায় মেতে থাকে ‘সেঁজুতি নাট্য চক্র’ বলে জানালেন সংগঠনটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের মাত্স্যবিজ্ঞান অনুষদের লেভেল-৩-এর শিক্ষার্থী রতন কুমার। বিশ্ববিদ্যালয়ে আছে রোটার্যাক্ট ক্লাব। ক্লাবটির সভাপতি মেহেদী হাসান। গত শীতে ক্লাব সদস্য-সদস্যাদের উদ্যোগে তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়া বৃক্ষরোপণসহ নানা সামাজিক কাজের সঙ্গে জড়িত সেঁজুতির সদস্যরা।