ডিজেল, বিদ্যুৎ ও সেচ খরচের তুলনায় ধানের দাম কম হওয়ায় চলতি বছর বোরো চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন ফেনীর কৃষকেরা। কোনো কোনো এলাকায় পানির অভাবেও চাষ হচ্ছে না। ফলে জেলায় এবার গত বছরের চেয়ে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষ কম হবে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা তিন ভাগের এক ভাগ কম অর্জিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।ফেনী কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় ৩০ হাজার ২৩৯ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। এর মধ্যে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চাষ হয়েছে ১৫ হাজার হেক্টর জমিতে। মৌসুমের বাকি সময়ে আরও পাঁচ হাজার হেক্টরে চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে।সূত্র জানায়, গত বছর এ সময়ে ৩০ হাজার হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ২২ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। আর মৌসুমের শেষ পর্যায়ে অর্জিত হয়েছিল পুরো লক্ষ্যমাত্রা।ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের কৃষক শাহ আলম জানান, এলাকার খালে পানি নেই বলে তিনি এবার বোরো চাষাবাদ করতে পারছেন না। তাঁর মতো বোরো চাষ করছেন না এলাকার আরও অনেক কৃষক।ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘এবার বিদ্যুৎ, ডিজেল ও সেচ খরচ বেড়ে যাওয়ায় চাষাবাদে খরচ গত বছরের চেয়ে বেশি হচ্ছে। কিন্তু সে তুলনায় ধানের দাম কম। ফলে লোকসানের কারণে এলাকার অনেক কৃষক এ বছর বোরো চাষ করছেন না।’কালিদহ গ্রামের আবুল খায়ের জানান, ডিজেলের দাম বেড়ে যাওয়ার অজুহাতে সেচযন্ত্রের ব্যবস্থাপকেরা সেচ খরচও একরপ্রতি এক হাজার টাকা করে বেশি নিচ্ছেন। সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের কৃষক আবু আহম্মদ জানান, বোরো চাষে লোকসানের কারণে এ বছর তিনি জমিতে মসুরের ডাল ও সরিষা চাষ করেছেন। এতে বেশি লাভ হবে বলে তিনি আশা করছেন।ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক কামাল উদ্দিন ভূঁঞা এ বছর ফেনীতে বোরো চাষে কৃষকের আগ্রহ কমে যাওয়ার কথা স্বীকার করেন। তিনি জানান, কৃষিশ্রমিকের মজুরি, ডিজেল, সেচ ইত্যাদি খাতে খরচ বৃদ্ধি এবং লোডশেডিংয়ের কারণে অনেক কৃষক এ বছর বোরো চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলেছেন।ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুনীল চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, চলতি বছর জেলার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল ৩০ হাজার ২৩৯ হেক্টর জমি। সে অনুপাতে কৃষকেরা বীজতলাও তৈরি করেন। কিন্তু উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের দাম কম হওয়ায় কৃষকদের মাঝে বোরো চাষে উৎসাহ কিছুটা কম দেখা যাচ্ছে।