
ঘড়িতে তখন রাত একটা। চলছে র্যা ফেল ড্র। এর মাঝেই মঞ্চ থেকে ঘোষণা এল—এখন আবার সুর সাগরে হারিয়ে যাওয়ার পালা। প্রহর ভাঙল অপেক্ষার। নড়েচড়ে বসলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মাঠজুড়ে থাকা দর্শকেরা। মঞ্চে এলেন অর্ণব। শুরু করলেন ‘মন তোরে পারলাম না বোঝাইতে রে’ গান দিয়ে।
অর্ণবের কণ্ঠে এই গান শুনে মাঠের আশপাশে যেসব দর্শক ঘোরাঘুরি করছিলেন, তাঁদেরও যেন সংবিৎ ফিরে এল। সবাই চলে এলেন মঞ্চের কাছাকাছি। দর্শকদের বেশির ভাগ পেশায় চিকিৎসক। পড়াশোনা শেষ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন তাঁরা। ‘শেকড়ের টানে প্রিয় প্রাঙ্গণে’ স্লোগানে ২০ সেপ্টেম্বর বসেছিল এই আনন্দ আয়োজন।
অনুষ্ঠানে প্রথম গানের পরিবেশনা দিয়েই যেন অর্ণব দর্শকদের কাছে টেনে নিলেন। আক্ষরিক অর্থেই যেন তিনি এলেন, গাইলেন আর জয় করলেন দর্শকদের হৃদয়।
অর্ণবের গাওয়া দ্বিতীয় গানটি ছিল ‘তোমার জন্য নীলচে তারা’। এই গানের সঙ্গে গলা মেলালেন উপস্থিত দর্শকেরাও। ‘মাঝে মাঝে তব দেখা পাই’ অর্ণবের গাওয়া আরেকটি জনপ্রিয় রবীন্দ্রসংগীত। যথারীতি এই গানের সঙ্গেও সমবেত কণ্ঠে গাইলেন অনেক দর্শক। এরপর একে একে অর্ণব বেশ কয়েকটি গান শুনিয়ে মাতিয়ে রাখলেন দর্শকদের। তাঁর উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে ছিল ‘ভালোবাসা তারপর’, ‘পরানের বন্ধুরে’, ‘চান মুখে মধুর হাসি’, ‘হারিয়ে গিয়েছি’, ‘আমার অন্তর কালা’ ও ‘চুমকি চলেছে’ শিরোনামের গানগুলি।
তবে অর্ণবের কণ্ঠে ‘সে যে বসে আছে’ গানটি শোনার জন্য অনেকেই কান পেতে ছিলেন। তাঁদের তৃষ্ণা মেটাতে যেন এরপর তিনি গাইলেন গানটি। এই গানের সঙ্গে প্রায় সব দর্শকই গলা মিলিয়েছেন।
অর্ণব মঞ্চে ওঠার আগে থেকেই সাংস্কৃতিক আয়োজনে মেতে ছিল পুরো চট্টগ্রাম মেডিকেল কলেজের খেলার মাঠ। সন্ধ্যা সাতটা থেকেই শুরু হয় নাচ ও গানের ছন্দে মেতে থাকার এই আয়োজন। কখনো একক, কখনো দ্বৈত, কখনো আবার দলীয় নাচ ও গানের পরিবেশনা চলছিল মঞ্চে। এসব পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ছিল চট্টগ্রাম মেডিকেলে পড়ুয়া বিদেশি শিক্ষার্থীদের নাচ ও গানের পরিবেশনা। এর মধ্যে শ্রীলঙ্কান ও নেপালি শিক্ষার্থীদের দলীয় নাচের পরিবেশনা ভালো লেগেছে দর্শকদের। মেডিকেলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা শেষে মঞ্চে শুরু হয় র্যা ফেল ড্রর আয়োজন। এরপরই মঞ্চে উঠে দর্শকদের মাতিয়ে তোলেন অর্ণব।
‘পুরোনো সেই দিনের কথা’ শিরোনামের গান পরিবেশনের মাধ্যমে অর্ণব যখন পুরো অনুষ্ঠানের ইতি টানছিলেন, তখন শিক্ষাজীবনের সেই দিনগুলোতেই যেন ফিরে গিয়েছিলেন তরুণ-প্রবীণ চিকিৎসকেরা।