জলবায়ু তহবিলের অর্থ ঠিক সময়ে ছাড় না হওয়ায় রাঙ্গুনিয়া উপজেলার ছয়টি অংশে কর্ণফুলী ও ইছামতী নদীর ভাঙন রোধে নেওয়া প্রকল্পের কাজ আটকে আছে। অথচ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে ২০১০ সালের জুনে। এদিকে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় কর্ণফুলী ও ইছামতী নদীর ভাঙনে ক্রমেই বিলীন হচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রাঙ্গুনিয়ার আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, জলবায়ু তহবিলের আওতায় পাউবো ২০০৯-১০ অর্থবছরে কর্ণফুলী ও ইছামতী নদীর বিভিন্ন এলাকার ভাঙন রোধে ব্লক বসানোর উদ্যোগ নেয়। প্রকল্পে ব্যয় ধরা হয় ২০ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। পাউবোর নিবন্ধিত ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এমরান এন্টারপ্রাইজ প্রকল্পের কাজ পায়। প্রতিষ্ঠানটি যথাসময়ে কাজ শুরু না করে সিয়াম অ্যান্ড ব্রাদার্স নামে অন্য একটি ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে কাজ হস্তান্তর করে। সিয়াম অ্যান্ড ব্রাদার্স প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে ইছামতী নদীর ডান তীরের স্বনির্ভর ইউনিয়নের পশ্চিম শান্তিনিকেতন এবং পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া ও পূর্ব সাহাব্দী নগর গ্রামের গোয়াছপাড়া এলাকায় ব্লক তৈরির কাজ শুরু করলেও সরফভাটা, মরিয়মনগর ও বেতাগী ইউনিয়নে এখনো প্রকল্পের কোনো কাজ শুরু করেনি। সরেজমিনে দেখা যায়, পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া, পূর্ব সাহাব্দী নগর গ্রামের গোয়াছপাড়া এবং স্বনির্ভর ইউনিয়নের পশ্চিম শান্তিনিকেতন এলাকায় ইছামতী নদীর তীরে বসানোর জন্য ব্লক তৈরির কাজ চলছে। সরফভাটা, বেতাগী ও মরিয়মনগর ইউনিয়নে প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। এ প্রসঙ্গে ঠিকাদার মাহবুব ছাফা বলেন, পাউবো অর্থ ছাড় না দেওয়ায় কাজ এগোচ্ছে না। তা ছাড়া এমরান এন্টারপ্রাইজ থেকে প্রকল্প বাস্তবায়নের কাজ দেরিতে পাওয়ায় ব্লক তৈরির কাজও দেরিতে শুরু করা হয়। ফলে প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। অবশ্য প্রকল্পের অর্থ ছাড় ও মেয়াদ বাড়ানোর জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে। তিনি বলেন, প্রকল্পের উত্তর পারুয়া ও পশ্চিম শান্তি নিকেতন এলাকায় দুই-তৃতীয়াংশ ব্লক তৈরির কাজ সম্পন্ন হলেও পাউবো ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিদর্শক দল প্রকল্প এলাকা পরিদর্শনে আসতে গড়িমসি করায় ব্লক বসানোর কাজ শুরু করা যাচ্ছে না। ব্লক বসানোর কাজ শুরু না করা পর্যন্ত প্রকল্পের অর্থ পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। ফলে ২০১১-২০১২ অর্থবছরেও প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রকল্প পরিচালক ও পাউবোর রাঙামাটি জেলার পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর বলেন, প্রকল্প বাস্তবায়নে জলবায়ু তহবিল থেকে বরাদ্দকৃত টাকা দেওয়ার কথা বলা হলেও ২০০৯-২০১০ অর্থবছরে মাত্র দুই কোটি সাত লাখ টাকা ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়া অর্থের সিংহভাগ ইতিমধ্যে প্রকল্প কাজে ব্যয় হয়েছে। বাকি টাকা জলবায়ু তহবিল থেকে ছাড়াই হয়নি এখনো। অর্থ পেলেই তো পাউবো ছাড় দেবে। ফলে অর্থাভাবে প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। তবে গত ২১ জুন পানি উন্নয়ন বোর্ডের বার্ষিক উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভায় এ ব্যাপারে ব্যাপক পর্যালোচনার পর প্রকল্প বাস্তবায়নে অর্থ ছাড় ও মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের বরাবরে প্রতিবেদন পাঠানো হয়েছে।