অর্থ ফেরত পেতে ইউনিপেটুইউতে বিনিয়োগকারীদের মানববন্ধন
তিন হাজার কোটি বিনিয়োগকৃত টাকা ফেরত পেতে ইউনিপেটুইউ বিভাগীয় বিনিয়োগকারী ঐক্য পরিষদ গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন এবং মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে।মানববন্ধনে উপস্থিত থেকে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে শেয়ারবাজারের পর এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি। এর সঙ্গে জড়িত রাঘববোয়ালদের অবিলম্বে জনগণের সামনে এনে জবাবদিহির ব্যবস্থা সরকারকে করতে হবে। তা করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন মানববন্ধনে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। পরে প্রেসক্লাব মিলনায়তনে পরিষদের সভাপতি অজিত দাশগুপ্তের সভাপতিত্বে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন—সাধারণ সম্পাদক সলিল চৌধুরী। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে তিন হাজার কোটি বিনিয়োগকৃত টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, সাত লাখ বিনিয়োগকারীর পরিবারের সদস্যরা চরম অভাব, অনটন ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে ছয়জন বিনিয়োগকারী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।এমএলএম ব্যবসায় বিনিয়োগকারী অজিত দাশ বলেন, ‘এই ব্যবসায় বিনিয়োগ করে এখন আমরা সর্বস্বান্ত হয়েছি। আমার মেয়ে, জামাতাসহ আমাদের ৪৪ লাখ ৯৮ হাজার টাকার বিনিয়োগ আছে। সামনে পূজা আসছে। কিন্তু আট-নয় মাস ধরে আমাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে সংগ্রাম-আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু কোনো রকম সুফল পাইনি। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীসহ সবার কাছে আমাদের আকুল আবেদন, আমরা লাভের মুখ না দেখলেও জমাকৃত আসল টাকাটা যেন ফেরত পাই।’ সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীরা মহাসম্মেলনসহ গণ-অনশন পালন করবেন বলে ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি মুহাম্মদ আলমগীর, ওসমান ফারুক, যুগ্ম সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।