বান্দরবানের আলীকদম উপজেলা সদরে পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন করা হয় ২০১১ সালের ১১ জুন। কিন্তু ১৬ মাস পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি প্রকল্পকাজ। বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, প্রকল্প উদ্বোধন করা হলেও অর্থ বরাদ্দ হয়নি। ফলে কাজ শুরু করা যাচ্ছে না।জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্র জানায়, উপজেলার পুরোনো ডাকবাংলো এলাকায় পানি শোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিফলক উন্মোচন করেন চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর। প্রকল্প ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫৬ লাখ ১৫ হাজার টাকা। এটি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ প্রকল্পের নির্মাণকাজে কারিগরি সহায়তা করবে। জানতে চাইলে বান্দরবান জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, নকশা প্রণয়ন হয়েছে। কিন্তু এখনো বরাদ্দ পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের আগামী সভায় বিষয়টি উত্থাপন করা হবে। জানা গেছে, পানি শোধনাগার প্রকল্পের অধীনে সাত কিলোমিটার এলাকায় পাইপ লাইন বসানো হবে। আলীকদম উপজেলা সদরে পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের বিভিন্ন আবাসিক ভবন, আলীকদম বাজারপাড়া, আমতলী পূর্ব পালংপাড়া, বাস টার্মিনাল এলাকা, উত্তর পালংপাড়া, সাবের মিয়াপাড়া, থানাপাড়া, সদর হিন্দুপাড়া ও অংবাই কার্বারিপাড়ার মানুষের পানীয় জলের সংকট কেটে যাবে। কিন্তু অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতায় প্রকল্পটি আলোর মুখ দেখবে কি না তা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে সংশয় দেখা দিয়েছে। থানাপাড়ার বাসিন্দা মঞ্জুর আলম বলেন, এত দিনে এক কোদাল মাটিও কাটা হলো না। আদৌ বাস্তবায়ন হবে কি না সন্দেহ রয়েছে। অথচ প্রতিবছর শুষ্ক মৌসুমে এখানকার মানুষকে পানির সংকটে দুর্ভোগ পোহাতে হয়। সামনে শুষ্ক মৌসুমের আগে প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান তিনি। এ প্রসঙ্গে এক নম্বর আলীকদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জামাল উদ্দিন বলেন, ‘প্রকল্পে বিষয়ে আমিও খোঁজখবর নিচ্ছি। তবে প্রকল্পটি বাস্তবায়ন হবেই।’