প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্ত্রে বলে, অর্থ সকল অনর্থেরই মূলে
মানছ না কি? দেখতে পারো বইপত্তর খুলে!
আয় করেছ হায় শরীরের
রক্ত করে পানি
টাকা যত বাড়ছে ততই
বাড়ছে পেরেশানি!
রাখলে ঘরে অষ্টপ্রহর
চোর-ডাকাতের ভয়
কখন এসে লুটবে তোমার
সমস্ত সঞ্চয়!
ব্যাংকে রেখে স্বস্তি পাবে? বাড়বে বছর গেলে?
মাছ বাঁচিয়ে ভাত খাবে বস্, সেরেফ মাছের তেলে?
সে দিন গেছে, সে সুখ, দাদা উধাও রে কোন কালে
ব্যাংক আছে আজ তোমার টাকা কেটে নেওয়ার তালে!
ট্যাক্সে-ভ্যাটে যাচ্ছে চলে
অনেক টাকা আরও
তোমার টাকায় এবার হবে
দেশের পোয়াবারো!
আবার ধরো আয় বেশি যার তার বেশি হয় কর
কর চুকিয়ে নিঃস্ব সে-ও
হয় প্রতি বচ্ছর!
তাই বলি কি এই আজকে
অল্প যাদের আয়
তারাই সুখী, পাচ্ছে না টের কোথায় টাকা যায়!
জিনিসপাতির মূল্য আরও
বাড়ুক দিনে দিনে
ব্যয় হয়ে যাক সব টাকা আর জড়াক লোকে ঋণে!
ব্যাংকে-ঘরে টাকা রাখার
পড়বে না দরকার
অর্থবিহীন অনর্থহীন করুক জীবন পার!