
ছোটবেলায় পাঠ্যবইয়ে একটা ভাবসম্প্রসারণ ছিল—‘অর্থই অনর্থের মূল’। দুঃখজনক হলেও সত্য আমরা কেউই সেই আপ্তবাক্যটি অন্তরে ধারণ করতে পারিনি! হয়তো মুখস্থ করে পরীক্ষায় পাস করে এসেছি, কিন্তু আমাদের বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটেনি একদমই। আমরা ওই অর্থের পেছনেই ছুটে বেড়াই। সেই অর্থের কারণে আমাদের সমাজে মারামারি, হানাহানি হয়। আমাদের জীবনের সবকিছু এখনো সেই অর্থকে ঘিরেই আবর্তিত। সেই অর্থের মোহ থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি।
আমাদের সমাজে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে, ‘টাকা পয়সা হাতের ময়লা’। কিন্তু আমরা আমাদের সমাজ, দেশ সবকিছুকেই সেই ময়লা দিয়েই ঘিরে রাখি। আমরা সেই ময়লামোহ থেকে মুক্তি পাইনি এখনো, সেই ময়লার কারণেই আমাদের সমাজ এখনো এত নোংরা। কারণ, আমরা ভুলে গেছি প্রবাদ কিংবা ওই ভাবসম্প্রসারণের মর্মার্থ কী ছিল।
কিন্তু আমাদের সমাজের কতিপয় ব্যক্তি আছেন, যাঁরা অন্যান্যের চেয়ে আলাদা। যাঁরা ছোটবেলার সেই প্রবাদ অন্তরে ধারণ করেছেন। সেসব ব্যক্তি আমাদের সমাজে বিরল হলেও একেবারে নগণ্য নয়। এটা অবশ্য আমাদের জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক ঘটনা। এর একটি অনন্য উদাহরণ হলো ২০১৫ সালে দেশের বাইরে অর্থপাচারের ঘটনা। তাঁরা বুঝতে পেরেছেন আমাদের দেশে বর্তমানে যত অনর্থ, তার পেছনে অর্থই কাজ করছে। তাই তাঁরা সাহসে বুক বেঁধে প্রচণ্ড অধ্যবসায়ের মাধ্যমে দিনের পর দিন কাজ করে গেছেন কী করে এই ‘অনর্থ’ দেশ থেকে কমানো যায়। তাঁরা দিনের পর দিন দেশ থেকে অর্থ দেশের বাইরে পাচার করে গেছেন। এবং তাঁদের প্রচেষ্টা ধীরে ধীরে সাফল্যের মুখ দেখছে।
২০১৩ সালে অর্থ পাচারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৫১তম। ২০১৪ সালে সেই অবস্থানে বিশাল উন্নতি—২৬তম! তাঁদের এই সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা যেভাবে দেশের সব অনর্থ দেশের বাইরে পাচার করে দেশকে অনর্থশূন্য (অন্যভাবে বলতে গেলে অর্থশূন্য) করে তুলছেন, তা আর কেউ পারত বলে মনে হয় না। এবং তাঁরা তাঁদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ একেবারে অর্থশূন্য হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
দেশের সব অর্থ পাচার করে তাঁরা যে প্রশংসনীয় ভূমিকা রাখছেন তা বাংলাদেশের মানুষ অনেক দিন মনে রাখবে। অর্থ পাচারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশকে এঁরা এক বছরে ২৫ ধাপ এগিয়ে নিয়ে এসেছেন। আর এক বছর পর তাঁরা আরও ২৫ ধাপ এগিয়ে গিয়ে ১ নম্বর আসনে নিয়ে যান কি না, সেটাই দেখার বিষয়!