অর্থনীতি, বন্ধুনীতি

বাইরে তখন ঠা ঠা রোদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে বসে শ্রীলঙ্কার গল সমুদ্রের নীলাভ পানি আর নরম বালুর গল্প শুনতে বেশ লাগছিল। এই গল্প শোনাচ্ছিলেন নাহিয়ান বিন খালেদ, কাজী সালসাবিল ও কাজী গোলাম তাশফিক। তারা ঢাবির অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। কদিন আগেই এই বিভাগের ১০ শিক্ষার্থী ঘুরে এসেছেন শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান ইকোনমিকস স্টুডেন্টস মিট’ থেকে। ১০ জনের প্রতিনিধি হয়ে চায়ের কাপ হাতে সে গল্পই বলছিলেন তিনজন।
প্রতিবছর দক্ষিণ এশীয় দেশগুলোর অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় এই সম্মেলনের। ৩ থেকে ৬ এপ্রিল অনুষ্ঠিত আয়োজনের কেন্দ্রস্থল ছিল শ্রীলঙ্কা। আর প্রতিবছরের মতো এবারও সম্মেলনের অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক।
ভুটান, ভারত, পাকিস্তানসহ মোট আটটি দেশের ১১০ জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ এতে অংশ নেন। বিভিন্ন যাচাই-বাছাইয়ের মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল এই নবীন অর্থনীতিবিদদের। ‘হাজারো প্রতিযোগীর মধ্য থেকে সুযোগ পাওয়াটা কিন্তু সহজ ছিল না।’ বলতে গিয়ে উচ্ছ্বাসের অভিব্যক্তি নাহিয়ানের মুখে। ‘আন্তর্জাতিক বন্দরনায়েকে সম্মেলন কেন্দ্রে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় সংগীত দিয়ে শুরু হয়েছিল সম্মেলন। বিশাল হলঘরে, এতগুলো মানুষের মধ্যে যখন বাংলাদেশের জাতীয় সংগীত বাজছিল, তখন নিজের পরিচয় খুঁজে পাচ্ছিলাম।’
সম্মেলনের সর্বশেষ পর্ব ছিল অর্থনীতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা। আর এতে বিজয়ী হয়েছেন ঢাবির এই শিক্ষার্থীরা। দলে ছিলেন সাদাত আনোয়ার (দলনেতা), মেহেদি হাসান, আদিব আহমেদ, সাদিক জাফরুল্লাহ, মাহির এ রহমান, নাহিয়ান বিন খালেদ, কাজী গোলাম তাশফিক, কাজী সালসাবিল, মুস্তাহসিন-উল-আজিজ ও তন্বী আহসান। এ ছাড়াও সঙ্গে ছিলেন ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান, সহযোগী অধ্যাপক সায়েমা হক ও প্রভাষক শেখ জাফর ইমরান।
স্বপ্ন নিয়ের সঙ্গে আলাপের ফাঁকে কাজী সালসাবিল যোগ করেন, ‘ভিন্ন ভিন্ন দেশের প্রতিনিধিরা থাকলেও আমাদের সবার মধ্যেই অনেক মিল চোখে পড়ল। আমরা যে ভিন্ন সংস্কৃতি থেকে এসেছি এমনটা মনে হয়নি। আর সবচেয়ে বড় মিলের জায়গা হলো ক্রিকেট। কারণ এই সবগুলো দেশেই ক্রিকেট বেশ জনপ্রিয়।’ তাশফিকের কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে শ্রীলঙ্কার স্থানীয় খাবার ‘ডোপি’ আর ‘চিকেন কোত্থু’। তাশফিক বলছিলেন, ‘শ্রীলঙ্কার স্থানীয়রা তাঁদের প্রতিটি খাবারেই পাঁচমিশালি উপকরণ ব্যবহার করেন। যেমন এই চিকেন কোত্থু। এতে আপনি মুরগি থেকে শুরু করে মাছ, রুটি সবই পাবেন। আর সবকিছুতেই তাঁদের প্রধান উপকরণ হচ্ছে নারকেল।’
চার দিনের আয়োজনে সবচেয়ে ভালো লেগেছিল কী? জিজ্ঞেস করতেই তিনজন সমস্বরে বললেন গল সমুদ্রসৈকতের কথা। লেখার শুরুতেই যে প্রসঙ্গে বলছিলাম। ৬ এপ্রিল সকালে অংশগ্রহণকারীদের যাত্রা শুরু হয় গল সমুদ্রসৈকতের দিকে। কাজী সালসাবিল বলেন, ‘শ্রীলঙ্কার গল সৈকত হচ্ছে খুবই গোছানো আর পরিচ্ছন্ন একটি পর্যটনকেন্দ্র। আমরা যখন গিয়েছিলাম তখন শ্রীলঙ্কায়ও খুব গরম ছিল। কিন্তু গলের চারপাশে দাঁড়িয়ে থাকা সবুজ গাছ, মার্বেলের মতো স্বচ্ছ পানি আর শ্বেত বালু ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল।’
দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের এই নবীন প্রতিনিধিরা। ফেরার সময়ের একটা ভালো লাগার কথা বললেন নাহিয়ান, ‘প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আমরা খুব খুশি ছিলাম। চূড়ান্ত পর্বে আমাদের প্রতিপক্ষ ছিল ভারত ও পাকিস্তান। ফিরে আসার সময় দেখি, কলম্বো বিমানবন্দরে প্রতিপক্ষ দল দুটি আমাদের বিদায় জানাতে অপেক্ষা করছে। অল্প দিনেই যে বন্ধুত্ব হয়েছে, সেটাও একটা বড় পাওয়া।’