অর্থনীতির এক ঝলক

শুধু বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে অর্থনীতিপড়ুয়াদের জন্য সম্মেলন। ভুটানের রয়েল থিম্পু কলেজে ২৪ থেকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ এশিয়ান ইকোনমিকস স্টডেন্টস মিট (এসএইএসএম) ২০১৪। এ বছর দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বাছাই করা ৮০ জন শিক্ষার্থী অংশ নেন।
বাংলাদেশ থেকে এ সম্মেলনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১০ জন শিক্ষার্থী। তাঁরা হলেন রুবাইয়া মোর্শেদ, সিরাজুম মনিরা, মাহমুদ মুত্তাকি, আভিয়া নাহরিন, ফারিয়ানা রফিক, শায়লা মাহমুদ, সাদাত আনোয়ার, নাহিয়ান বিন খালেদ, কাজী গোলাম তাশফিক ও ফারজানা শিরিন। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষকও সঙ্গে ছিলেন।
অংশগ্রহণকারী দেশগুলোর শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, আঞ্চলিক যোগাযোগ বাড়ানো—এগুলোই মূলত এই সম্মেলনের উদ্দেশ্য। সম্মেলনের ব্যাপকতা সম্পর্কে নাহিয়ান জানান, অর্থনীতি বিষয়ে শিক্ষার্থীদের এ সম্মেলন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন। দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করার জন্য এ ধরনের আয়োজন বাংলাদেশেও করা প্রয়োজন। নাহিয়ানের কথায় সমর্থন জানান আরেকজন অংশগ্রহণকারী দলের দলনেতা রুবাইয়া। তাঁর ভাষ্যে, ‘আগামীর দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেব আমরা। সব দেশের তরুণদের মধ্যে সংযোগই পারে নানা ধরনের সমস্যার যুগান্তকারী বিপ্লব আনতে।’
সম্মেলনে তিন বিভাগে আলাদা তিনটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনটি বিভাগ হলো অর্থনীতিবিষয়ক গবেষণাপত্র, উদীয়মান অর্থনীতিবিদের খোঁজ ও কুইজ প্রতিযোগিতা। সেরা গবেষণাপত্রের জন্য দেওয়া হয় সেন-হক পুরস্কার। উপমহাদেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও মাহবুবুল হকের নামে এই পুরস্কার।
গবেষণাপত্র লেখা ও উপস্থাপনের প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে পুরস্কার জয় করেন সিরাজুম মনিরা। তিনি জানান, ভবিষ্যতে অর্থনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখি। এই পুরস্কার বাংলাদেশের সম্মান যেমন বাড়িয়েছে, তেমনি আমার স্বপ্নের দিকে ছুটতে বেশ উৎসাহ জোগাবে।
সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের বাইরেও ভুটান ঘুরে দেখার সুযোগ ছিল শিক্ষার্থীদের।