অর্থসংকটে কেআরসি উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থসংকটে পড়েছে কর্ণফুলী রেয়ন কেমিক্যালস (কেআরসি) উচ্চবিদ্যালয়। তিন মাস ধরে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বেতন পচ্ছেন না। শিক্ষকেরা জানান, বেতন পান সামান্য টাকা। তা-ও প্রতি মাসে পাওয়া যায় না। এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) আশায় এখনো পাঠদান চালিয়ে যাচ্ছেন বলে জানান তাঁরা।প্রধান শিক্ষক মো. নুরুল আলম জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত কর্ণফুলী রেয়ন কেমিক্যাল (কেআরসি) কর্তৃপক্ষ কারখানার কর্মকর্তা-কর্মচারীদের লেখাপড়ার সুবিধার্থে ১৯৮৪ সালে কেআরসি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে কেআরসির সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছিল। শিক্ষকদের মাসিক বেতন, বার্ষিক বোনাস, পোশাক, আবাসিক সুবিধা—সবই কেআরসি বহন করত। কিন্তু ২০০২ সালে কেআরসি কারখানা বন্ধ হওয়ার পর বিদ্যালয়ে টানাপোড়েন শুরু হয়। তখন থেকে শিক্ষকেরা নিয়মিত বেতন পান না। একপর্যায়ে বিদ্যালয়টি বন্ধ হওয়ার উপক্রম হলে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও স্থানীয় লোকজনের চেষ্টায় এটি কোনোমতে টিকে থাকে। বর্তমানে সাতজন শিক্ষক ও দুজন কর্মচারীর বেতন তিন মাস বাকি। সহকারী শিক্ষক গোলাম ফারুক বলেন, ‘বর্তমান বাজারে এই টাকায় একজন মানুষ পরিবার নিয়ে সচ্ছলভাবে কোনোমতেই চলতে পারে না।’ তিনি বলেন, শিক্ষকেরা ঠিকমতো বেতন না পেলেও শিক্ষার মান ধরে রাখতে সচেষ্ট রয়েছেন। ২০০৮ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে একজন ও পরের বছর তিনজন জিপিএ-৫ পেয়েছে।বিদ্যালয় সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বিদ্যালয়টি এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল একাধিকবার বিদ্যালয় পরিদর্শন করেছেন।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, ‘বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করার জন্য পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার চেষ্টা করছেন। প্রতিমন্ত্রীর চেষ্টায় অচিরেই কেআরসি উচ্চবিদ্যালয় এমপিওভুক্ত হবে বলে আশা করছি।’